• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

মাহফুজুল ইসলাম, যবিপ্রবি

প্রকাশিত: ২৩:৪৫, ২৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

কেক কাটা, ফুল ও ক্রেস্ট প্রদানসহ নানা আনুষ্ঠানিকতায় নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের গ্যালারিতে বিএমবি বিভাগের উদ্যোগে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শুধু মেধা থাকলেই চলে না, সফল হতে হলে কঠোর পরিশ্রমীও হতে হয়। মেধা ও পরিশ্রমের সঠিক সমন্বয়েই সফলতা আসে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়জীবনের এই চার বছর যত বেশি পরিশ্রম করা হবে, ভবিষ্যৎ জীবন ততটাই সহজ হবে। মা-বাবার চেয়ে বড় শুভাকাঙ্ক্ষী পৃথিবীতে কেউ নেই উল্লেখ করে তিনি এমন কিছু অর্জনের আহ্বান জানান, যাতে মা-বাবার মাথা সবসময় উঁচু থাকে।

বিএমবি বিভাগকে একটি শক্তিশালী বিভাগ হিসেবে উল্লেখ করে উপ-উপাচার্য শিক্ষার্থীদের দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী নিজেদের জন্য তৈরি হওয়া সুযোগগুলো কাজে লাগানোর আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, শিক্ষার্থীদের কখনোই স্বপ্নের সীমানা নির্ধারণ করা উচিত নয়। পারিবারিক সীমাবদ্ধতা সফলতার পথে বাধা হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ থেকে ভালো দিকগুলো গ্রহণ করে নিজেদের স্বপ্ন বাস্তবে রূপ দিতে হবে।

তিনি আরও বলেন, ‘আজ আমরা চলে গেলেও তোমাদের সিভিতে সারাজীবন লেখা থাকবে, তোমরা যবিপ্রবির শিক্ষার্থী।’ বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি রক্ষায় শিক্ষার্থীদের সবসময় আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষক-শিক্ষার্থীসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় যবিপ্রবি একদিন বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিএমবি বিভাগের চেয়ারম্যান ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল হাসান। এ ছাড়া বক্তব্য দেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিনসহ অন্যরা। অনুষ্ঠানে বিএমবি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত