এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে কোনও শিক্ষার্থী পাস করতে পারেনি
ছবি: সংগৃহীত
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩৯ প্রতিষ্ঠানে সব শিক্ষার্থী পাস করেছে।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
ফলাফল ঘোষণায় বলা হয়, এবারের পরীক্ষায় গড় পাসের হার ৫২.১২ শতাংশ। গতবছর এই হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী অংশ নেন। অবশ্য পরীক্ষায় বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এতে জিপিএ-৫ পেয়েছেন মোট ৪০ হাজার ৮৪ জন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩৯ প্রতিষ্ঠানে সব শিক্ষার্থী পাস করেছে। গতবার এ সংখ্যা ছিলো ৩৪৫। অর্থাৎ শতভাগ পাস করা প্রতিষ্ঠান কমেছে ২০৬টি। এবার ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গতবছর শূন্যপাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ২০২টি। ২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
এবার ১১টি শিক্ষা বোর্ডে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৬ লাখ ৭ হাজার ৬৪৯ ও ছাত্রী রয়েছেন ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। সারা দেশে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে এ পরীক্ষা হয়।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই থেকে শুরু হয়ে শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে পেছানো হয় চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা। পরে গত ৯ সেপ্টেম্বর এ পরীক্ষা শেষ হয়।
বিভি/এআই













মন্তব্য করুন: