• NEWS PORTAL

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

আলিম পরীক্ষায় পাসের হার ৬১.৭ শতাংশ, এগিয়ে ছাত্রীরা

প্রকাশিত: ১৪:১৬, ৩১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
আলিম পরীক্ষায় পাসের হার ৬১.৭ শতাংশ, এগিয়ে ছাত্রীরা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর আলিমে পাসের হার দাঁড়িয়েছে ৬১ দশমিক ৭ শতাংশ। পরীক্ষায় অংশ নিয়ে মোট জিপিএ-৫ অর্জন করেছে ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আনুষ্ঠানিক ঘোষণার পর একযোগে শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়েবসাইট ও মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল উন্মুক্ত করা হয়।

প্রকাশিত ফলের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, এ বছর আলিম পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছে ৫৪ হাজার ৫৪৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র উত্তীর্ণ হয়েছে ২৯ হাজার ২৬৯ জন এবং ছাত্রী পাস করেছে ২৫ হাজার ২৭৮ জন।

ফলাফলে ছাত্রদের চেয়ে পাসের হারে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে ছাত্রীরা। ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ১০ শতাংশ, যেখানে ছাত্রীদের পাসের হার ৬৪ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ৬ দশমিক ৮০ শতাংশ পয়েন্ট বেশি।

পাসের হারে ছাত্রীরা এগিয়ে থাকলেও সর্বোচ্চ গ্রেড পয়েন্ট (জিপিএ-৫) অর্জনে ছাত্রদের আধিপত্য দেখা গেছে। মোট জিপিএ-৫ পাওয়া ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র রয়েছে ২ হাজার ২৮ জন এবং ছাত্রী রয়েছে ১ হাজার ২২২ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছর সারা দেশের ৪৬০টি কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৭০৯টি মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা অংশ নেন।

বিভি/এনএইচ

মন্তব্য করুন: