• NEWS PORTAL

  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬

চুয়েটে আবারও শাটডাউন ঘোষণা

প্রকাশিত: ২৩:১৯, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চুয়েটে আবারও শাটডাউন ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যের রুটিন দায়িত্ব বণ্টনের প্রতিবাদে আবারও শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও রুটিন দায়িত্বের ভিত্তিতে পরিচালিত প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।

রবিবার (১ নভেম্বর) দুপুরে এক ই-মেইল বার্তায় বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়। এতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ২ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি সভায় অংশ নিতে ঢাকায় অবস্থান করবেন। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য অধ্যাপক দেলোয়ার হোসেন এ দায়িত্ব পালন করবেন।

ই-মেইল বার্তায় আরও জানানো হয়, ১ নভেম্বর বিকাল থেকে এ দায়িত্ব কার্যকর হয়েছে। ২ নভেম্বর সন্ধ্যায় উপাচার্য কর্মস্থলে ফিরে পুনরায় দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অধ্যাপক দেলোয়ার হোসেন রুটিন দায়িত্ব পালন করবেন।

তবে সন্ধ্যায় উপাচার্যের দেওয়া এ দায়িত্ব প্রত্যাখ্যান করেন উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিবৃতিতে তারা জানান, সোমবার সব ক্লাস, পরীক্ষা এবং রুটিন দায়িত্বের ভিত্তিতে পরিচালিত যেকোনো প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণভাবে বর্জন করা হবে।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসন এবং আন্দোলনে অংশ নেওয়া সবার দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুর ৩টায় কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষার্থীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীরা জানান, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম কিংবা অন্য কোনো বিকল্প নিয়োগ তারা মেনে নেবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা।

এদিকে, ২৮ অক্টোবর ইউজিসির সঙ্গে আলোচনা সভায় শিক্ষার্থীদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে ওই দিন বিকেল সোয়া ৪টায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার অর্ণব বলেন, ২৮ অক্টোবর ইউজিসির প্রতিনিধি দলের কাছে তারা ক্যাম্পাসের প্রকৃত পরিস্থিতি তুলে ধরেন। তবে ওই সভায় কমিটির সদস্যদের পক্ষ থেকে তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

অর্ণবের অভিযোগ, বুয়েটের উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের ভবিষ্যৎ অন্ধকার।’ এ ছাড়া অন্য সদস্যরাও বাসে বা অন্য কোথাও আবার হামলার ঘটনা ঘটলে শিক্ষকরা তাদের নিরাপত্তা দিতে পারবেন কি না, এমন প্রশ্ন তোলেন। এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানান তিনি।

উল্লেখ্য, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে গত ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি দিয়ে আন্দোলনে যোগ দেন।

টানা ৩৬ দিন পর গত বুধবার আংশিকভাবে ক্লাস কার্যক্রম শুরু হয়। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হলেও এখনো তালাবদ্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত