বাংলাদেশি শিক্ষার্থীদের মেডিকেল ও ডেন্টালে পড়ার সুযোগ দিচ্ছে পাকিস্তান
পাকিস্তানের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাচ্ছে। পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের (পিটিএপি) আওতায় এমবিবিএসে ২০টি ও বিডিএসে ৫টিসহ মোট ২৫টি আসনে ভর্তির জন্য আবেদন করা যাবে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৬ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
সোমবার (২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঢাকায় পাকিস্তান হাইকমিশনের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তিটি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তান সরকারের পিটিএপি কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এসব আসন বরাদ্দ রাখা হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ঢাকায় পাকিস্তান হাইকমিশনে জমা দিতে হবে।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীদের বাংলাদেশে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিকে রসায়ন ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে এবং এ দুটি বিষয়ের পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
এছাড়া সংশ্লিষ্ট ভর্তি পরীক্ষায় নির্ধারিত যোগ্যতা অর্জন করতে হবে। পাকিস্তানের এমডিক্যাট পরীক্ষায় প্রতিটি বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ অথবা বিদেশি এমক্যাট কিংবা ইউক্যাট পরীক্ষায় নির্ধারিত ন্যূনতম নম্বর থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের বৈধ পাসপোর্ট, পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরাপত্তা ছাড়পত্র এবং শিক্ষাগত সনদের সমমান নির্ধারণের সনদ থাকতে হবে। চূড়ান্ত ভর্তি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যোগ্যতা যাচাই ও আসনপ্রাপ্যতার ওপর।
আবেদন যেভাবে
আগ্রহী শিক্ষার্থীরা পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক বিভাগের ওয়েবসাইট (www.ead.gov.pk) থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
পূরণ করা আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি, পাসপোর্টের কপি, পাসপোর্ট আকারের চারটি ছবি এবং সমমান সনদ জমা দিতে হবে। আবেদনপত্র চার সেটে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।
আগামী ১৬ নভেম্বরের মধ্যে ঢাকার গুলশান-২-এর ৭১ নম্বর সড়কে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে আবেদনপত্র পৌঁছাতে হবে। এ কর্মসূচিতে নির্বাচিত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্ধারিত ফি এবং যাতায়াত, আবাসনসহ অন্যান্য খরচ নিজেদের বহন করতে হবে।
বিভি/এসজি













মন্তব্য করুন: