চুয়েটে উপাচার্যের এক দিনের রুটিন দায়িত্বে অধ্যাপক দেলোয়ার, প্রতিবাদে শাটডাউন ঘোষণা
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আজ আবারও একদিনের শাটডাউন কর্মসূচী পালন করছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় অংশ নিতে ঢাকায় যাওয়ায় চুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়ার প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে এ শাটডাউন কর্মসূচী পালন করছেন তারা।
রবিবার (১ নভেম্বর) রাতে জরুরি বিবৃতিতে শিক্ষার্থীরা জানান, অধ্যাপক ড. শেখ শরিফুল আলমকে তারা উপাচার্য হিসেবে মেনে নেননি। কিন্তু এরপরও তিনি ক্যাম্পাসে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছেন। যার প্রতিবাদে আজ একদিনের সর্বাত্মক অ্যাকাডেমিক শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। বন্ধ রয়েছে সব ক্লাস, পরীক্ষা। শিক্ষার্থীদের দাবি, চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল করতে হবে। অন্যথায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রয়োজনে আরও কঠোর শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এদিকে চুয়েটের চলমান অচলাবস্থা নিরসনে চুয়েটের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে গত বুধবার মতবিনিময় করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ছয় সদস্যের পরামর্শক কমিটি। এসব আলোচনার ভিত্তিতে পরিস্থিতির উন্নয়নে সরকারকে পরামর্শ দেওয়ার কথা জানিয়েছিলেন কমিটির সদস্যরা।তবে শিক্ষার্থীদের দাবী, পরামর্শক কমিটির সাথে আলোচনায় তারা সন্তুষ্ট হতে পারেননি। তারপরও একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করতে তারা তাদের দাবিতে অটল থেকে ক্লাসে ফিরেছিলেন।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) টানা ৪০ দিন বন্ধ থাকার পর গতকাল(১ নভেম্বর) থেকে পুনরায় শুরু হয়েছিলো শিক্ষা কার্যক্রম। গত ২২ সেপ্টেম্বর উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।
বিভি/এআই













মন্তব্য করুন: