• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

নিজেদের স্বার্থে অনেকে রবীন্দ্রনাথকে নিয়ে ন্যারেটিভ তৈরি করছে: উপাচার্য মোশারফ হোসেন

রোহান চিশতী, নজরুল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১০:৩১, ৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:৩১, ৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নিজেদের স্বার্থে অনেকে রবীন্দ্রনাথকে নিয়ে ন্যারেটিভ তৈরি করছে: উপাচার্য মোশারফ হোসেন

‘নিজেদের স্বার্থে অনেকে রবীন্দ্রনাথকে নিয়ে ন্যারেটিভ তৈরি করছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি বলেন, রবীন্দ্রনাথ আমাদের জাতীয় জীবনের অনেক অংশের সঙ্গে জড়িত। সাম্প্রতিক সময়ে অনেকেই নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নানা ধরনের ন্যারেটিভ তৈরি করছেন। আমার কোনো দোষত্রুটি থাকলে জীবদ্দশায় তা তুলে ধরে সংশোধনের সুযোগ দেওয়া উচিত। কোনো ব্যক্তিকে নিয়ে মৃত্যুর পর ন্যারেটিভ তৈরি না করে, বেঁচে থাকতেই তাকে শুধরে নেওয়ার সুযোগ দেওয়া দরকার।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সন্ধ্যামালতী মিলনায়তনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়েও একশ বছর পর এখনো সমালোচনা হচ্ছে। সমালোচনাকারী এই মহাপুরুষরা এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন কেন? ১০০ বছর পর এসব সমালোচনা চুলকানি ছাড়া আর কিছু নয়।’

রবীন্দ্রনাথের অবদান তুলে ধরে উপাচার্য বলেন, রবীন্দ্রনাথ শুধু আমাদের জাতীয় সংগীতের রচয়িতাই নন, তিনি আমাদের বাঙালি সাহিত্য ও সংস্কৃতির সূতিকাগার। তিনিই আমাদের বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দিয়েছেন। বাঙালিদের মধ্যে তিনিই প্রথম নোবেল পুরস্কার জিতেছেন, যা আমাদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তিনি একজন মহাপুরুষ। আমাদের মাঝেই বেঁচে থাকবেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। রবীন্দ্র সারথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। অধ্যাপক ড. মো. হাবিব উল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান তারিফুল ইসলাম।

আলোচনা সভা শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ ছাড়া সংগীত পরিবেশন করেন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত