• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: ছাত্রদল সভাপতি

রিফাত হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২২:৫৮, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:৫৮, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: ছাত্রদল সভাপতি

দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই আর ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রবিবার (২২ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আয়োজনে ফল উৎসব ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, “শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই আমরা আর ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। কোনোভাবেই তা মেনে নেওয়া হবে না। ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা সব সময় জাগ্রত রয়েছে।”

অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও সজাগ থাকার আহ্বান জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যেভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে, সেভাবে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদেরও জাগ্রত থাকার আহ্বান জানাচ্ছি। যারা বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা যেন কোনোভাবেই পুনর্বাসিত হতে না পারে, সে জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও দায়িত্ব পালনকালে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কিংবা এর পরবর্তী সময়ে যতবারই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এ ধরনের কর্মকাণ্ড দেখেছি, ততবারই মুগ্ধ হয়েছি। তাদের কর্মস্পৃহা এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজনগুলো আমি শুধু প্রশংসাই করি না, নিজেও উপস্থিত থেকে সেগুলো দেখভালের চেষ্টা করি।”

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ব্যতিক্রম। পুরান ঢাকায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলন অব্যাহত রাখার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতেও সংগঠনটির নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা রাখছেন।

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে ক্যাম্পাসে ৬২ প্রজাতির দেশি-বিদেশি ফল নিয়ে ‘ফল উৎসবের’ আয়োজন করে জবি শাখা ছাত্রদল। পরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ফল বিতরণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের জন্য ক্রীড়াসামগ্রী দেওয়া হয়।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন। এ ছাড়া জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

উল্লেখ্য, দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে সোমবার (২৩ নভেম্বর) কেরানীগঞ্জে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে জবি ছাত্রদল। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে সেখানে ৬২টি গাছের চারা রোপণ করা হবে।

বিভি/ক্যাম্পাস/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত