স্কুলে দেখা নেই শিক্ষক-শিক্ষার্থীর, নিচতলা গরু-ছাগলের খোঁয়াড়
ভোলার চরফ্যাশন উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে। বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে। অন্যদিকে, ভবনের নিচতলা ব্যবহার করা হচ্ছে গরু-ছাগলের খোঁয়াড় হিসেবে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
বিদ্যালয়টির নাম ধলার চর মোতাহার ১ নম্বর ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়। তেঁতুলিয়া নদীর পাড়ে মুজিবনগর ইউনিয়নে অবস্থিত প্রতিষ্ঠানটিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের নিচতলায় স্থানীয় লোকজন গরু-ছাগল বেঁধে রেখেছেন। প্রতিদিনই বিদ্যালয়ের নিচতলা পশু রাখার স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে বিদ্যালয় প্রাঙ্গণে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা শিক্ষক মামুন তড়িঘড়ি করে বিদ্যালয়ের আঙিনা ও শ্রেণিকক্ষ পরিষ্কারের কাজে হাত দেন।
গত সোমবার (২৩ নভেম্বর) বিদ্যালয়টিতে গিয়ে কর্মরত চার শিক্ষকের মধ্যে দুজনকে অননুমোদিতভাবে অনুপস্থিত পাওয়া যায়। তারা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মো. এনামুল এহসান।
এ ঘটনায় চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে ওই দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকা সরকারি কর্মচারীদের নিয়মিত উপস্থিতি বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষার্থী উপস্থিতির তথ্যেও পাওয়া গেছে অসংগতি। বিদ্যালয়ের নথিপত্রে মোট শিক্ষার্থী ৬০ জন। শিক্ষকদের দাবি, তাদের মধ্যে ৩৮ জন নিয়মিত ক্লাসে আসে। অথচ সরেজমিনে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব শ্রেণি মিলিয়ে মাত্র সাতজন শিক্ষার্থীকে উপস্থিত পাওয়া যায়।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, দাপ্তরিক ও ব্যক্তিগত জরুরি কাজের কারণে সেদিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারেননি তিনি। দুর্গম চরাঞ্চল হওয়ায় অভিভাবকদের অসচেতনতার কারণে শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে আসতে চায় না বলেও দাবি করেন তিনি। নিচতলায় গরু-ছাগল রাখার বিষয়ে স্থানীয়দের বারবার নিষেধ করেও কাজ হয়নি বলে জানান প্রধান শিক্ষক।
চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ে শিক্ষকদের অননুমোদিত অনুপস্থিতি সরকারি বিধিমালার পরিপন্থি। এ কারণে অভিযুক্ত দুই শিক্ষককে কৈফিয়ত তলব করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, বিষয়টি তার নজরে এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অব্যবস্থাপনা এবং ভবনের নিচতলায় গরু-ছাগল রাখা কোনোভাবেই কাম্য নয়। উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিভি/টিটি













মন্তব্য করুন: