মাকড়সার ভয় দেখিয়ে চবিতে হলের কক্ষে আটকে ছাত্রীকে র্যাগিং
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলের কক্ষে আটকে এক নারী শিক্ষার্থীকে মাকড়সার ভয় দেখিয়ে র্যাগিং করার অভিযোগ উঠেছে তিন সিনিয়র নারী শিক্ষার্থীর বিরুদ্ধে।
জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসিক হল বিজয়-২৪ এ এই র্যাগিংয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এক পর্যায়ে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে রুমমেটরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে চিকিৎসা সেবা দিতে নিয়ে যান।
সূত্র জানিয়েছে, র্যাগিংয়ের শিকার ওই ভুক্তভোগী নারী বিশ্ববিদ্যালয়ের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত ৩ জনই ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তারা হলেন মার্কেটিং বিভাগের মোনালিসা মিতা নূর, পদার্থবিজ্ঞান বিভাগের তাহরিমা আক্তার ওমি এবং হিসাববিজ্ঞান বিভাগের সামিয়া।
ভুক্তভোগী নারীর অভিযোগ, ২৩ নভেম্বর রাতে বিজয়-২৪ হলের একটি কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। পরে ভয় দেখিয়ে তার সঙ্গে র্যাগিং করা হয়। এতে আতঙ্কিত হয়ে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে চবি মেডিকেলে নেওয়া হয়।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন, ২৩ তারিখ রাত ১০টায় আমাকে মিতা নূর আপু ডেকে নিয়ে যায় রুম থেকে। আমার মাকড়সার ফোবিয়া আছে, তা তারা জানে। তাদের ব্যবহার দেখে আমি ধারণা করেছিলাম যে এমন কিছু হতে পারে। আমি তাই বারবার জিজ্ঞেস করলেও তারা অস্বীকার করে যে এমন কিছু না। এরপর তারা আমাকে রুমে নিয়ে দরজা লাগিয়ে দেয়। সেখানে তাহরিমা আপু, সামিয়া আপু আগে থেকেই অপেক্ষা করছিল। তারা আমার সামনে আগে থেকে আটকে রাখা বড় মাকড়সা ছেড়ে দেয়। আমি ভয়ে চিৎকার করতে থাকি এবং কান্না করতে থাকি। তারা তা নিয়ে হাসিঠাট্টা করে এবং অনেক ধরনের টিটকারিমূলক কথা বলতে থাকে। কিছুক্ষণ পর আমি সবাইকে পাশ কাটিয়ে রুম থেকে বের হয়ে যাই এবং এরপর আমি অনেক অসুস্থ হয়ে যাই, চারবার বমি করি, যার কারণে রাতেই শারীরিক অবনতির জন্য আমার রুমমেটরা আমাকে মেডিকেলে নিয়ে যায়।
তিনি আরও বলেন, ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে আমাকে ওষুধ দেন। আপাতত আমি চিকিৎসাধীন আছি এবং মানসিকভাবে ভেঙে পড়েছি। ঘটনার পরবর্তীকালে তারা 'মরে গেলেই ভালো হতো'—এই ধরনের কথা বলে বেড়াচ্ছে এবং আমার রুমমেটরাও তা শুনেছে। আমি হলে নিজেকে নিরাপদ মনে করছি না। তারা থাকলে আমি হয়তো নিরাপত্তার জন্য হল থেকে চলে যাওয়ার ডিসিশন নিতে বাধ্য হতে পারি।"
অভিযুক্ত মোনালিসা মিতা নূর বলেন, "জি আমরা প্রক্টর স্যারের সাথে কথা বলেছি, আপনি একটু আগে আমার রুমমেট-কে কল দিয়েছেন, আর আপনি যাকে কল দিয়েছেন সে এটা-তে ইনভলভ-ই ছিল না, যা প্রাংক আমরা করেছি সেটা হলো আমি আর আমার ফ্রেন্ড সামি। আমার মতবাদ হলো আমরা জাস্ট ফান করছি জিনিসটা কারণ ও ভয় পায় এরা জেনেই আমরা জাস্ট ফান করছি।"
আরেক অভিযুক্ত তাহরিমা আক্তার ওমি বলেন, "সরি, এ ব্যাপারে আমি ইনভলভ না, ওর সাথে আমরা একটু মজা করেছি, এ ব্যাপারে আমাদের প্রক্টর স্যার আছেন, ওনার সাথে আমরা কথা বলেছি অলরেডি, ব্যাপারটা সলভের দিকে যাচ্ছে। আমরা ওর কাছে গেছিলাম, ওর অবস্থা আসলেই খারাপ ছিল, কিন্তু ব্যাপারটা এত বড় হবে একচুয়ালি এটা আমরা ধারণা-ই করতে পারি নাই এবং ও যখন ভয় পাইছে, আমরা তখন কনসোলও করছি।"
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, এটি নিয়ে আজ সকালে ওই হলে দুই পক্ষই বসেছে, অভিযুক্তরা ভুক্তভোগীর কাছে ক্ষমা চেয়েছে। উভয় পক্ষের সম্মতিতে বিষয়টি সমাধান হয়েছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: