• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বাড়লো ইবির পঞ্চম সমাবর্তনের নিবন্ধনের সময়, কমানো হলো ফি

তালুকদার হাম্মাদ, ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৩:১৪, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাড়লো ইবির পঞ্চম সমাবর্তনের নিবন্ধনের সময়, কমানো হলো ফি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনের নিবন্ধন ফি কমিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসাথে নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিবন্ধন ফি পূর্বনির্ধারিত ৪ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন শিক্ষার্থীরা।

এছাড়া সমাবর্তনে অতিথি হিসেবে মা-বাবা, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে এবং অন্যান্য অভিভাবক উপস্থিত থাকতে পারবেন। একইসঙ্গে যেসব শিক্ষার্থী পূর্বনির্ধারিত ফি অনুযায়ী ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের জমা দেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন। এতে স্নাতক পর্যায়ে ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষ, নিয়মিত মাস্টার্সে ২০১৫-১৬ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ এবং সান্ধ্যকালীন মাস্টার্সে ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন। এ ছাড়া এমফিল ও পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত ২৩৭তম থেকে ২৭৫তম সিন্ডিকেট পর্যন্ত শিক্ষার্থীরাও সমাবর্তনে অংশ নিতে পারবেন।

বিভি/টিএইচ/এজেড

মন্তব্য করুন: