ভিসি ইস্যুতে সড়ক অবরোধ করে বিকল্প রুট দেখিয়ে দিচ্ছেন চুয়েট শিক্ষার্থীরা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান সংকট ও অচলাবস্থা নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ করেছেন চুয়েট শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে কাপ্তাই সড়ক অবরোধ করেন তারা।
কর্মসূচির কারণে কাপ্তাই সড়কে যান চলাচল বিঘ্নিত হবার আশঙ্কা থাকায় ওই সড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শও দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিকে গতকাল (বৃহস্পতিবার) থেকে আবারো কমপ্লিট শাটডাউন চলছে চুয়েট ক্যাম্পাসে।
শিক্ষার্থীরা বলছেন, চুয়েটের বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কোনো কার্যকর ও টেকসই সমাধান না হওয়ায় অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডেও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা।
এ প্রেক্ষাপটে সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত চুয়েটে কমপ্লিট শাটডাউন কর্মসূচী চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত চুয়েট শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন।
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়ার পর সাবেক উপাচার্য ড.আবু সাদাত মো. সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু হয়। সেসময় শিক্ষক ও কর্মকর্তারাও আন্দোলনে সংহতি জানালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।
১২ অক্টোবর নতুন ভিসি তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে অবরুদ্ধ করা হয় এবং পরদিন জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাকে উদ্ধার করেন।
পরে চুয়েটের চলমান অচলাবস্থা নিরসনে চুয়েটের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ছয় সদস্যের পরামর্শক কমিটি।
এসব আলোচনার ভিত্তিতে পরিস্থিতির উন্নয়নে সরকারকে পরামর্শ দেওয়ার কথা জানিয়েছিলেন কমিটির সদস্যরা।তবে পরবর্তীতে তাদের সুপারিশ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি। দীর্ঘ অচলাবস্থার পর গত ২৮ অক্টোবর শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে শুরু করলেও উপাচার্য নিয়োগ নিয়ে সৃষ্ট বিরোধের এখনো কোনো দৃশ্যমান সমাধান হয়নি।
বিভি/এজেড













মন্তব্য করুন: