১৪ ও ১৬ ডিসেম্বরের জন্য দেশের সব মাদ্রাসায় জরুরি নির্দেশনা
আসন্ন ১৪ ও ১৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেশের সব মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বুদ্ধিজীবী দিবসের নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে পালনের পাশাপাশি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বিজয় দিবস উদ্যাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ, বিজয়মেলা, ক্রীড়া প্রতিযোগিতা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বোর্ডের প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে দেশের সব মাদ্রাসার প্রতিষ্ঠানপ্রধান, অধ্যক্ষ, সুপার, সভাপতি এবং পরিচালনা কমিটির সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজয় দিবসে যেসব কর্মসূচি পালন করতে হবে
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশনায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বেশ কয়েকটি কর্মসূচি পালনের কথা বলা হয়েছে। সেগুলো হলো-
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন।
শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন।
তিন দিনব্যাপী বিজয়মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ।
মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা।
শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত।
সূর্যোদয়ের সঙ্গে উত্তোলন করতে হবে জাতীয় পতাকা
বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা বিধিমালা অনুসরণ করে প্রতিটি মাদ্রাসা ভবনে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
এছাড়া সকাল ৯টায় জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্টেডিয়াম অথবা সুবিধাজনক স্থানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করা হবে।
এসব কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তিন দিনব্যাপী বিজয়মেলায় অংশ নেবে শিক্ষার্থীরা
জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী বিজয়মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বোর্ড।
পাশাপাশি শিশু-কিশোরদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এ ছাড়া সুবিধাজনক সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনেও মাদ্রাসাগুলোকে সক্রিয়ভাবে অংশ নিতে বলা হয়েছে।
ফুটবল, ক্রিকেট ও কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ
মহান বিজয় দিবসের ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করতে হবে।
এসব প্রতিযোগিতার মধ্যে রয়েছে প্রীতি ফুটবল ম্যাচ, টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি এবং হা-ডু-ডু প্রতিযোগিতা।
শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত
১৬ ডিসেম্বর প্রতিটি মাদ্রাসায় সুবিধাজনক সময়ে বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করতে হবে। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করতে বলা হয়েছে।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনেরও নির্দেশ
এদিকে, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষেও পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
ওই বিজ্ঞপ্তিতে জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সব মাদ্রাসাকে শহীদ বুদ্ধিজীবী দিবসের নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সব মিলিয়ে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরতে দেশের সব মাদ্রাসাকে যথাযথ প্রস্তুতি গ্রহণ এবং বোর্ডের নির্দেশনা অনুযায়ী কর্মসূচি বাস্তবায়নের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
বিভি/এজেড













মন্তব্য করুন: