ক্যান্সারের সঙ্গে লড়ছেন সঙ্গীতশিল্পী ইবরার টিপু
বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইবরার টিপু ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর সংগীতাঙ্গন ও ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করে শুভকামনা ও দোয়ার বার্তা জানাচ্ছেন।
দীর্ঘদিন ধরে বাংলা গানের জগতে নিজের স্বতন্ত্র কণ্ঠ ও সুরের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ইবরার টিপু। আধুনিক গান, চলচ্চিত্রের গান এবং বিভিন্ন মৌলিক সৃষ্টির মাধ্যমে তিনি দেশের সংগীতাঙ্গনে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন।
সম্প্রতি তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানাজানি হলে সহকর্মী শিল্পী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা গভীর উদ্বেগ প্রকাশ করেন। অনেকেই সামাজিক মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট দিচ্ছেন এবং এই কঠিন সময়ে তার পাশে থাকার আহ্বান জানাচ্ছেন।
এ নিয়ে তার স্ত্রী সঙ্গীতশিল্পী বিন্দু কণা জানান, প্রায় দুই বছর আগে ইবরার টিপুর কিডনি ক্যানসার ধরা পড়ে। এরপর তাঁকে বড় ধরনের অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসা-পরবর্তী প্রক্রিয়ায় মধ্যে আছেন এবং সুস্থতার পথে রয়েছেন।
ইবরার টিপুর পরিবার ও ঘনিষ্ঠজনরা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, সবার ভালোবাসা ও প্রার্থনায় তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও গানে ফিরবেন।
বাংলা গানের একজন পরিচিত কণ্ঠ হিসেবে ইবরার টিপুর দ্রুত সুস্থতা কামনা করছেন তার অসংখ্য শ্রোতা-ভক্ত। সবাই অপেক্ষায় রয়েছেন, ক্যান্সারের সঙ্গে এই লড়াই জয় করে তিনি আবারও নতুন গান নিয়ে ফিরে আসবেন।
বিভি/জোহা













মন্তব্য করুন: