• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

আয়ুষ্মান খুরানার কাছে চাঁদা দাবি, আইটি প্রকৌশলী গ্রেফতার

প্রকাশিত: ১৮:১৮, ৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আয়ুষ্মান খুরানার কাছে চাঁদা দাবি, আইটি প্রকৌশলী গ্রেফতার

বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুরের কাছে চাঁদাবাজির দাবি ও হুমকি দেওয়ার অভিযোগে বেঙ্গালুরু থেকে এক আইটি প্রকৌশলীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। গ্রেপ্তার ব্যক্তির নাম বৈভব মিশ্র। তার বয়স ৩০ বছর।

পুলিশের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ইনস্টাগ্রামের মাধ্যমে আয়ুষ্মান খুরানাসহ কয়েকজন অভিনেতাকে হুমকিমূলক বার্তা পাঠিয়েছিলেন। অন্যদিকে তুষার কাপুরকে পাঠানো হয়েছিল একটি অডিও বার্তা। সেখানে ৫ কোটি রুপি দাবি করা হয় এবং ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয়।

পুলিশ জানায়, তুষার কাপুরকে পাঠানো অডিওতে নিজেকে হ্যারি বক্সার পরিচয় দিয়ে এক ব্যক্তি হুমকি দেন। তিনি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ বলে দাবি করা হয়। তবে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো ওই অডিওর কণ্ঠস্বরের সঙ্গে পুলিশের কাছে থাকা হ্যারি বক্সারের নমুনা কণ্ঠের মিল পাওয়া যায়নি।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানান, অভিনেতাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে বার্তা পাঠানো ব্যক্তিকে শনাক্ত করা হয়। বেঙ্গালুরুতে স্থানীয় আদালত থেকে ট্রানজিট রিমান্ড নেওয়ার পর বৈভব মিশ্রকে মুম্বাইয়ে আনা হবে।

প্রাথমিক তদন্তে অভিযুক্তের সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কোনো যোগসূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে তাঁকে জিজ্ঞাসাবাদের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সম্প্রতি বলিউড তারকাদের লক্ষ্য করে একের পর এক হুমকির ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুতে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। এরপর তুষার কাপুর ও আয়ুষ্মান খুরানাকে হুমকির বিষয়টি সামনে আসে। পুলিশ এসব ঘটনার যোগসূত্র খতিয়ে দেখছে।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত