ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন রাকায়েত রাব্বি
ইতালির ভেনিসে বাংলাদেশের জন্য আরেকটি আন্তর্জাতিক সাফল্য বয়ে আনলেন তরুণ চলচ্চিত্র নির্মাতা রাকায়েত রাব্বি। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমান্তরালে আয়োজিত স্বাধীন চলচ্চিত্র প্রতিযোগিতা ‘সন অব আ পিচ অ্যাওয়ার্ড ২০২৬’-এ সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন তিনি।
রাকায়েত রাব্বির পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য সুইটনেস অব এয়ার—হাওয়াই মিঠাই’ এই পুরস্কার অর্জন করে। ১০ সেপ্টেম্বর ভেনিসের ঐতিহাসিক হোটেল এক্সেলসিয়রের ক্যাম্পারি লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা করা হয়।
যুদ্ধের পটভূমিতে নির্মিত ‘হাওয়াই মিঠাই’ চলচ্চিত্রে উঠে এসেছে এক শিশুর মনস্তত্ত্ব ও যুদ্ধের নির্মম বাস্তবতা। বুলেটের খোসার বিনিময়ে হাওয়াই মিঠাই কেনার একটি মানবিক ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে গল্পটি। চলচ্চিত্রটির সংযত ও মানবিক গল্প বলার ধরন বিচারকদের প্রশংসা কুড়িয়েছে।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় রাকায়েত রাব্বি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এমন একটি মর্যাদাপূর্ণ মঞ্চে পুরস্কার পাওয়া তার জীবনের অন্যতম সেরা অনুভূতি। এই স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও বড় স্বপ্ন নিয়ে সিনেমা নির্মাণে অনুপ্রাণিত করবে বলেও জানান তিনি।
ভেনিসে এটি রাকায়েত রাব্বির দ্বিতীয় স্বীকৃতি। এর আগে ২০২৪ সালে তিনি ভেনিসের কা’ ফস্কারি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে প্রশংসিত হয়েছিলেন।
একই সময়ে ভেনিসে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আরেকটি উল্লেখযোগ্য অর্জন এসেছে নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রের মাধ্যমে। ফলে এবারের ভেনিস পর্বে বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের উপস্থিতি ও সাফল্য নতুন মাত্রা পেয়েছে।













মন্তব্য করুন: