• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ভাষা কখনোই আমার ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়ায়নি: রাশমিকা মান্দানা

প্রকাশিত: ১৭:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ভাষা কখনোই আমার ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়ায়নি: রাশমিকা মান্দানা

রাশমিকা মান্দানা

তেলুগু, কান্নড়, তামিল ও হিন্দি—চার ভাষার চলচ্চিত্রেই অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছেন ভারতের অভিনেত্রী রাশমিকা মান্দানা। তবে এক ভাষা থেকে আরেক ভাষার সিনেমায় কাজ করার বিষয়টি কখনোই তার পূর্বপরিকল্পিত ছিল না বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তার ভাষায়, পুরো বিষয়টিই ঘটেছে অনেকটা স্বাভাবিকভাবেই।

রাশমিকা বলেন, ‘আমি একজন কোদাভা এবং কোদাভা টাক ভাষায় কথা বলি। আমার মাতৃভাষায় কোনো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নেই। তাই ক্যারিয়ারে ভাষা কখনোই আমার জন্য বাধা হয়ে দাঁড়ায়নি। আমি সব ভাষাকেই নিজের ভাষা হিসেবে দেখি।’

ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে ভক্তদের পরামর্শই তাকে নতুন ভাষার সিনেমায় কাজ করতে অনুপ্রাণিত করেছে বলেও জানান রাশমিকা। তিনি বলেন, ‘আমার ভক্তদের আমি পরিবার বলে মনে করি। তারাই প্রথম আমাকে বলেছিল, তুমি তেলুগু সিনেমা করছ না কেন? হিন্দির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। এভাবেই ধীরে ধীরে আমার ক্যারিয়ার বিভিন্ন ভাষার সিনেমায় বিস্তৃত হয়েছে।’

বিভিন্ন সিনেমায় তার উচ্চারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ও ট্রলের মুখোমুখি হতে হয় রাশমিকাকে। তবে এসব বিষয়কে খুব একটা গুরুত্ব দেন না তিনি।

হেসে রাশমিকা বলেন, ‘আমি কোনো একটি ভাষাতেই খুব ভালো নই। বলা যায়, আমি সব ভাষায় কিছুটা পারি, কিন্তু কোনো ভাষাতেই পুরোপুরি দক্ষ নই।’

তিনি আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত কোনো নির্দিষ্ট ভাষায় করা প্রশ্নের উত্তর আমি দিতে পারছি, ততক্ষণ সেটাই যথেষ্ট। বিশ্বের বিভিন্ন প্রান্তের আমার দর্শকদের প্রতি সম্মান দেখানোর এটিই আমার উপায়।’

সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে নিজের উচ্চারণ নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা বা সমালোচনাতেও মনোযোগ দিতে চান না রাশমিকা। বরং নিজের অভিনয় এবং চরিত্রকে সঠিকভাবে তুলে ধরার দিকেই তার মনোযোগ।

রাশমিকার ভাষায়, ‘একজন অভিনেত্রী হিসেবে আমার কাজ হলো সেটে ভালো গল্প বলার চেষ্টা করা এবং কাজ শেষে ফিরে আসা। প্রতিটি সিনেমার ক্ষেত্রেই আমি বিশ্বাস করি, আমরা নিজেদের সেরাটা দিতে একসঙ্গে কাজ করি, যাতে পর্দায় বিশেষ কিছু তৈরি হয়।’

তিনি আরও বলেন, ‘আমি আমার কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পছন্দ করি। অন্য কারও কাজে হস্তক্ষেপ করতে চাই না। একজন অভিনেত্রী হিসেবে নিজের সেরাটা দেওয়াই আমার একমাত্র লক্ষ্য। শেষ পর্যন্ত সিনেমার ফলাফল হলো সবার সম্মিলিত প্রচেষ্টা ও শক্তির সমন্বয়।’
 

বিভি/জোহা

মন্তব্য করুন: