শরিফুল রাজকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
চুক্তিভঙ্গ ও আর্থিক ক্ষতির অভিযোগে ঢাকাই সিনেমার অভিনেতা শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। প্রতিষ্ঠানটির আসন্ন সিনেমা ‘ঠিকানা’র শুটিংয়ের শিডিউল না দেওয়া এবং একই ঈদে অন্য সিনেমায় অভিনয়ের ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত ২৮ অক্টোবর প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে ব্যারিস্টার সজিব মাহমুদ আলম এই নোটিশ পাঠান। এতে ৪৮ ঘণ্টার মধ্যে শুটিংয়ের শিডিউল নিশ্চিত করতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
প্রযোজক শাহরিন আক্তারের দাবি, ‘ঠিকানা’ সিনেমায় অভিনয় ও প্রচার-প্রচারণার জন্য শরিফুল রাজের সঙ্গে চুক্তি হয়েছিল। এ জন্য তাঁকে অগ্রিম পারিশ্রমিকও দেওয়া হয়। চুক্তি অনুযায়ী, সিনেমাটি ২০২৭ সালের ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা রয়েছে। কিন্তু একই ঈদে মুক্তির জন্য অন্য সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন রাজ। এতে ‘ঠিকানা’ সিনেমার স্পনসর ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সরে যেতে চাইছেন বলে অভিযোগ প্রযোজকের।
শাহরিন আক্তারের ভাষ্য, দীর্ঘদিন ধরে শুটিংয়ের শিডিউল চেয়েও পাওয়া যাচ্ছে না। সিনেমাটির পেছনে ইতোমধ্যে ৪০ লাখ টাকার বেশি ব্যয় হয়েছে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই আইনি নোটিশ পাঠিয়েছেন তাঁরা।
তবে অভিযোগের বিষয়ে নিজের অবস্থানও জানিয়েছেন শরিফুল রাজ। তাঁর দাবি, প্রযোজকপক্ষ কখনো অর্থের কথা, আবার কখনো শিডিউলের কথা বলছে। শিডিউল চাইলে তা দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। রাজের ভাষ্য, চুক্তিতে অন্য কোনো সিনেমায় অভিনয় করা যাবে না—এমন শর্ত ছিল না। বিষয়টি নিয়ে তিনি আইনিভাবেই কথা বলতে চান।
উল্লেখ্য, ‘ঠিকানা’ পরিচালনা করছেন জুবায়ের ইবনে বকর। অন্যদিকে রাজ অভিনীত ‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমাটিও আগামী ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনায় রয়েছে। এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর।
প্রযোজক ও অভিনেতার পাল্টাপাল্টি বক্তব্যে ‘ঠিকানা’ সিনেমার নির্মাণ ও মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এখন আইনি নোটিশের জবাব এবং দুই পক্ষের সমঝোতার দিকেই তাকিয়ে চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
বিভি/জোহা













মন্তব্য করুন: