‘বলিউড’ শব্দটি পছন্দ নয় বলিউড অভিনেতা রণবীর কাপুরের
‘বলিউড’ শব্দটি পছন্দ নয় বলিউড অভিনেতা রণবীর কাপুরের। তাঁর মতে, হলিউডের আদলে তৈরি এই নাম ভারতের বৈচিত্র্যময় চলচ্চিত্রজগতকে পুরোপুরি তুলে ধরে না। তাই নিজেকে শুধু বলিউড তারকা নয়, বরং ভারতীয় সিনেমার প্রতিনিধি হিসেবে পরিচিত করতে চান তিনি।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন রণবীর। তখন তিনি তাঁর আসন্ন সিনেমা ‘রামায়ণ’-এর প্রচারে লন্ডনে ছিলেন। সঙ্গে ছিলেন সিনেমাটির সহশিল্পী সাই পল্লবী ও যশ।
সাক্ষাৎকারে ‘বলিউড’ শব্দটি নিয়ে প্রশ্ন করা হলে রণবীর বলেন, শব্দটি মূলত হলিউড থেকে এসেছে। একসময় বোম্বেকে কেন্দ্র করে হিন্দি চলচ্চিত্রশিল্প গড়ে ওঠায় ‘বলিউড’ নামের প্রচলন হয়। একইভাবে তেলুগু চলচ্চিত্রশিল্পের জন্য ব্যবহৃত হয়েছে ‘টলিউড’ নাম।
রণবীরের ভাষায়, ভারত নানা সংস্কৃতি, ভাষা ও রাজ্যের দেশ। সব মিলিয়ে শিল্পের মাধ্যমে মানুষকে একত্রিত করাই তাঁদের লক্ষ্য। তাই তিনি ‘ইন্ডিয়ান সিনেমা’ বা ভারতীয় সিনেমার প্রতিনিধি হতে চান।
অভিনেতার মতে, নিজের সংস্কৃতি ও ঐতিহ্যের শিকড় থেকে উঠে আসা খাঁটি গল্পই বিশ্বজুড়ে মানুষের কাছে পৌঁছাতে পারে। আন্তর্জাতিক দর্শকের কথা মাথায় রেখে নিজেদের গল্পের স্বকীয়তা বিসর্জন দেওয়া উচিত নয় বলেও মনে করেন তিনি। উদাহরণ হিসেবে ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’, কোরীয় সিনেমা এবং ‘লাইফ ইজ বিউটিফুল’-এর কথা উল্লেখ করেন রণবীর।
এদিকে রণবীরের পরবর্তী বড় আয়োজন ‘রামায়ণ’। দুই পর্বে নির্মিত এই সিনেমার প্রথম পর্ব বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা ৫ নভেম্বর ২০২৬। এতে রামের চরিত্রে রণবীর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করেছেন।
বিভি/জোহা













মন্তব্য করুন: