রেকর্ড গড়ল শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’
মুক্তির প্রথম ২৪ ঘণ্টাতেই রেকর্ড গড়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের নতুন সিনেমা ‘কিং’-এর গান ‘তু মিল যায়ে’। ইউটিউবে গানটি ২৪ ঘণ্টায় পেয়েছে ৩ কোটি ৬৩ লাখের বেশি ভিউ। এর মধ্য দিয়ে ভারতীয় সিনেমার গানের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ ভিউ পাওয়া গানের তালিকায় শীর্ষস্থান দখল করেছে এটি।
শাহরুখ খানের ৬১তম জন্মদিন উপলক্ষে ২ নভেম্বর মধ্যরাতে প্রকাশ করা হয় গানটি। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে গানটির দৃশ্য ও নানা অংশ। শুধু ইউটিউবেই নয়, বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে প্রথম ২৪ ঘণ্টায় গানটির ভিউ ছাড়িয়েছে ৬ কোটি।
এই রেকর্ড গড়তে গিয়ে শাহরুখেরই ‘জওয়ান’ সিনেমার ‘জিন্দা বান্দা’ গানকে পেছনে ফেলেছে ‘তু মিল যায়ে’। ‘জিন্দা বান্দা’ প্রথম ২৪ ঘণ্টায় পেয়েছিল ৩ কোটি ৪৬ লাখ ভিউ। এ ছাড়া ‘গুজ্জু পটাকা’, ‘জয় শ্রী রাম’ ও ‘রাম সিয়া রাম’-এর মতো গানকেও ছাড়িয়ে গেছে নতুন এই গান।
গানটিতে শাহরুখ ও দীপিকার রোমান্সের পাশাপাশি রয়েছে অ্যাকশন ও রহস্যের আবহ। গানটির কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং, এড শিরান ও মধুবন্তী বাগচী। সংগীত পরিচালনায় রয়েছেন শচীন-জিগর, আর কথা লিখেছেন কুমার।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়াল। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।
জন্মদিনের উপহার হিসেবে প্রকাশিত গানটি যে মুক্তির পরপরই এমন রেকর্ড গড়বে, তা হয়তো নির্মাতাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।
বিভি/জোহা













মন্তব্য করুন: