পরীমনির বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা জারি
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ও হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির না হওয়ায় তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, এদিন মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত থাকার কথা উল্লেখ করে পরীমনির পক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন।
অন্যদিকে বাদীপক্ষ আসামির জামিন বাতিলের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে পরীমনির জামিন বাতিল করেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
এর আগে ২০২১ সালের ৬ জুলাই সাভারের বোট ক্লাবের তৎকালীন সভাপতি নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার আদালতে এ মামলা করেন। মামলার অন্য দুই আসামি হলেন পরীমনির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি।
মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরীমনি ও জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে। এরপর আদালত তাদের হাজির হওয়ার সমন জারি করলে তারা আদালতে উপস্থিত হয়ে জামিন পেয়েছিলেন।
মামলার অভিযোগে নাসির উদ্দিন উল্লেখ করেন, ২০২১ সালের ৮ জুন রাতে পরীমনি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন। রাত সোয়া ১টার দিকে ক্লাব ছাড়ার সময় পরীমনি তাকে ডাক দেন এবং একটি ‘ব্লু লেবেল’ অ্যালকোহলের বোতল বিনা মূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় পরীমনি তাকে গালমন্দ করেন এবং একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে একটি সার্ভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন। এতে নাসিরের মাথা ও বুকে আঘাত লাগে।
বাদী অভিযোগে আরও জানান, পরীমনি ও তার সহযোগীরা বোট ক্লাবে ভাঙচুর করেন এবং তাকে মারধর ও হত্যার হুমকি দেন। বাদীর দাবি, এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই পরীমনি সাভার থানায় উল্টো নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মিথ্যা অভিযোগ তুলে মামলা করেছিলেন।
বিভি/বিএস/এজেড













মন্তব্য করুন: