বুলেটপ্রুফ কাচ ছাড়াই ভক্তদের সামনে অমিতাভ, জানালেন ‘শুভ দীপাবলি’
অমিতাভ বচ্চন
দীর্ঘদিনের রীতি মেনে দীপাবলিতেও ভক্তদের সঙ্গে দেখা করলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। তবে এবারের রোববারের দর্শনে ছিল বিশেষ চমক। আগেরবারের মতো বুলেটপ্রুফ কাচের নিরাপত্তাবেষ্টনী ছাড়াই বাড়ির বাইরে এসে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
রোববার সকালে মুম্বাইয়ের জুহুতে নিজের বাড়ি জলসার বাইরে জড়ো হওয়া ভক্তদের উদ্দেশে মাইক্রোফোনে ‘হ্যাপি দীপাবলি’ বলে শুভেচ্ছা জানান অমিতাভ। এ সময় তাঁর পাশে ছিলেন ছেলে অভিনেতা অভিষেক বচ্চন। নিরাপত্তার বিষয়টিও তদারকি করছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক বান্টি ওয়ালিয়াও।
এর আগে একাধিক বিশিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওয়াড়ের দপ্তরে একটি হুমকিমূলক ইমেইল পাঠানো হয়েছিল বলে খবর প্রকাশিত হয়। সেই তালিকায় অমিতাভের নামও ছিল। এরপর নিরাপত্তার কারণে ভক্তদের সঙ্গে দেখা করার সময় বুলেটপ্রুফ কাচের আড়ালে ছিলেন অভিনেতা। এবারের দর্শনে সেই সুরক্ষাবেষ্টনী ছাড়াই সামনে আসেন তিনি।
এদিকে, নিজের শারীরিক অবস্থা নিয়েও ভক্তদের জানিয়েছেন অমিতাভ। হাতে অস্বস্তি থাকায় দীপাবলির শুভেচ্ছা ও উপহার পাঠানো অনুরাগীদের চিঠির জবাব দিতে দেরি হচ্ছে বলে জানান তিনি। ভক্তদের ভালোবাসা ও উপহারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যক্তিগতভাবে চিঠির উত্তর দেওয়ার চেষ্টার কথাও জানিয়েছেন এই কিংবদন্তি অভিনেতা।
বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠান সঞ্চালনা করছেন অমিতাভ। সামনে তাঁকে দেখা যাবে ‘কল্কি ২’ সিনেমায়।
বিভি/জোহা













মন্তব্য করুন: