• NEWS PORTAL

  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

ফ্রান্সে শুরু হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন

ইয়াছির আরাফাত, প্যারিস 

প্রকাশিত: ১৭:১৯, ৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ফ্রান্সে শুরু হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের জন্য আসছে বড় সুখবর। চলতি নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে চালু করা হবে একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন, ‘পোস্টাল ভোট বিডি’। এই অ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত নাগরিকরা অনলাইনে থেকেই ভোটার নিবন্ধনের আবেদন করতে পারবেন। ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল বিষয়টি নিশ্চিত করেন।  

সূত্র জানিয়েছে, ফ্রান্সসহ আরও কয়েকটি দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রমের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। ইসির তথ্য অনুযায়ী, বিদেশে অবস্থানরত যে কোনো বাংলাদেশি নাগরিক অনলাইনে ফর্ম-২ এ পূরণ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে বৈধ বাংলাদেশি পাসপোর্ট, যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদ, সাম্প্রতিক রঙিন পাসপোর্ট-সাইজ ছবি। প্রয়োজনে পিতা-মাতার এনআইডি, শিক্ষাগত যোগ্যতার সনদ, বিবাহ সনদ এবং বিদেশে বাসস্থানের প্রমাণপত্রও দাখিল করতে হবে। আবেদন জমা দেওয়ার পর ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে। যাচাই-বাছাই শেষে আবেদন অনুমোদিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং এনআইডি ইস্যুর প্রক্রিয়া শুরু হবে। অনেক দিন ধরে প্রবাসীরা বিদেশে থেকেই ভোটার হওয়ার যে দাবি জানিয়ে আসছিলেন, এই উদ্যোগকে সেই দীর্ঘদিনের দাবির বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2