• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ব্রিসবেনে গজল সন্ধ্যা: প্রবাসীদের অনন্য মিলনমেলা

প্রকাশিত: ১৩:২৮, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:২৯, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ব্রিসবেনে গজল সন্ধ্যা: প্রবাসীদের অনন্য মিলনমেলা

সুরের মূর্ছনায় এক হলেন অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। গত ১৪ নভেম্বর ব্রিসবেনের মুরুকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী সংগীতানুষ্ঠান ‘গজল নাইট ২০২৬’। গজল, শাস্ত্রীয় নৃত্য ও যন্ত্রসংগীতের সুরে মুখর হয়ে ওঠে পুরো সন্ধ্যা। প্রবাসী বাংলাদেশিদের পুনর্মিলনীর পাশাপাশি নতুন শিল্পীদের সামনে এগিয়ে নেওয়া এবং নতুন প্রজন্মকে নিজেদের শিকড় ও সংস্কৃতির সঙ্গে যুক্ত করাই ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

লাল-সোনালি পর্দা, ঝলমলে লণ্ঠন আর পুরোনো দিনের গ্রামোফোনে সাজানো মঞ্চ দর্শকদের ফিরিয়ে নিয়ে যায় প্রিয় জন্মভূমির চিরচেনা সাংস্কৃতিক আবহে। প্রদীপ হাতে বিশেষ নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর সেতারে সাঈদ ও তবলায় জয়দীপের যুগলবন্দিতে তৈরি হয় এক মনোমুগ্ধকর আবহ। বাঁশিতে অভিনন্দনের সুর মুগ্ধ করে উপস্থিত দর্শকদের।

অনুষ্ঠানে শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন সমাপ্তি ও রুমানা। শায়রি পরিবেশন করেন স্নিগ্ধা। এরপর একে একে মঞ্চে আসেন ১০ জন গজলশিল্পী। তাদের একক ও দ্বৈত কণ্ঠে পরিবেশিত হয় জনপ্রিয় সব গজল। প্রায় ১০০ দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। বিভিন্ন বয়সের মানুষ একসঙ্গে উপভোগ করেন সংগীতের এই মনোমুগ্ধকর সন্ধ্যা।

ব্যতিক্রমী এই গজল সন্ধ্যার আয়োজক বাংলাদেশের মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ ডা. কাজী রুমানা আহমেদ। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার দ্য ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের রিসার্চ ফেলো। আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে রুমানা জানান, সংগীতের মাধ্যমে কমিউনিটির মানুষকে কাছাকাছি আনা, নতুন শিল্পীদের মঞ্চ তৈরি করে দেওয়া এবং শিশু-কিশোরদের নিজেদের সংস্কৃতির সঙ্গে যুক্ত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার স্বপ্নও রয়েছে তার।

নিজের সংগীতপ্রীতি ও আয়োজনের পেছনের ভাবনা তুলে ধরে রুমানা বলেন, ‘গান ও সংগীত আমার জীবনের অত্যন্ত ভালো লাগার একটি জায়গা। বিশেষ করে সংগীতপ্রেমী মানুষের সঙ্গে পরিচিত হওয়া, তাদের নিয়ে নতুন কিছু ভাবা এবং সংগীতকে কেন্দ্র করে সুন্দর কিছু আয়োজন করার মধ্যে আমি একধরনের আনন্দ খুঁজে পাই। সেই ভালো লাগা ও আগ্রহ থেকেই গজল নাইট ২০২৬ আয়োজনের ভাবনা।’

তিনি বলেন, ‘আমার মূল উদ্দেশ্য ছিল সংগীত ও সংস্কৃতির মাধ্যমে কমিউনিটির মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসা। এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে সংগীতপ্রেমীরা একত্রিত হবেন, নিজেদের ভালো লাগা ও প্রতিভা ভাগ করে নেবেন এবং পারস্পরিক সম্পর্ক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে।’

নতুন শিল্পীদের সুযোগ করে দেওয়ার বিষয়ে তিনি বলেন, কমিউনিটির মধ্যে ছড়িয়ে থাকা নতুন ও সম্ভাবনাময় শিল্পীদের খুঁজে বের করা এবং তাঁদের প্রতিভা সবার সামনে তুলে ধরার জন্য একটি সুন্দর মঞ্চ তৈরি করাও ছিল আয়োজনের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তার বিশ্বাস, প্রতিটি প্রতিভাবান মানুষেরই নিজের দক্ষতা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাওয়া উচিত।

শিশু ও নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে রুমানা বলেন, ‘আমি চাই, শিশুরা ছোটবেলা থেকেই নিজেদের সংস্কৃতি, সংগীত ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হোক। আমাদের শিশুদের উৎসাহ দেওয়া এবং তাদের মধ্যে সাংস্কৃতিক চর্চার আগ্রহ তৈরি করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ভিত্তি তৈরি করবে বলে আমি মনে করি।’

তিনি আরও বলেন, প্রচলিত সাংস্কৃতিক আয়োজনের বাইরে গিয়ে নতুন ধরনের অনুষ্ঠান, ভিন্নধর্মী পরিবেশনা ও সৃজনশীল ভাবনার মাধ্যমে কমিউনিটির সাংস্কৃতিক অঙ্গনে নতুনত্ব নিয়ে আসতে চেয়েছেন তিনি। রুমানার ভাষায়, ‘আমার কাছে সংগীত শুধু বিনোদনের মাধ্যম নয়; সংগীত মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করে, ভিন্ন ভিন্ন মানুষকে এক জায়গায় নিয়ে আসে এবং এক প্রজন্মের সঙ্গে অন্য প্রজন্মের একটি সুন্দর সেতুবন্ধন তৈরি করে।’

অনুষ্ঠানে গজল পরিবেশন করেন শারমিন, শ্রেয়া, দোলন, জামিল, সাজীব শাহা, রুমানা, কুশল, আদ্রি, মাহফুজ ও রাপ্তি। শায়রি পরিবেশন করেন স্নিগ্ধা। নৃত্য পরিবেশন করেন সমাপ্তি ও রুমানা। বাদ্যযন্ত্রে ছিলেন সেতারে সাঈদ, তবলায় জয়দীপ এবং বাঁশিতে অভিনন্দন।

অনুষ্ঠানের সাজসজ্জার দায়িত্বে ছিলেন লিজা ও খান সালমা। সার্বিক সহযোগিতা করেন শামীম, হাবিব ও জনি। ভিডিও ধারণ করেন খান সালমা ও টনি। ফটোগ্রাফিতে ছিলেন আবু ফারহাদ। যোগাযোগ ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন সিলভিয়া এবং খাবার ব্যবস্থাপনায় ছিলেন রাজু। সংগীত, সংস্কৃতি ও পারস্পরিক ভালোবাসার বন্ধনে প্রবাসী বাংলাদেশিদের একত্র করার মধ্য দিয়ে ‘গজল নাইট ২০২৬’ হয়ে ওঠে ব্রিসবেনের বাংলাদেশি কমিউনিটির জন্য এক স্মরণীয় আয়োজন।

বিভি/এসবি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত