ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাংলাদেশি প্রবাসীর
ছবি: কাওসার আলম (সংগৃহীত)
ফ্রান্সের পিরেনিস পার্বত্য অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কাওসার আলম নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
গত সোমবার (৫ জানুয়ারি) সকালে ফ্রান্স-স্পেন সীমান্তবর্তী এক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও এখনো নিহতের কোনো স্বজন বা পরিবারের সদস্যদের খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে একটি যাত্রীবাহী ‘ফ্লিক্স বাস’ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে কাওসার আলমসহ মোট তিনজন নিহত হন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কাওসার আলমের মরদেহ বর্তমানে পুলিশি তত্ত্বাবধানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফ্রান্স প্রবাসী আশুক আহমদ খাঁ গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর নিহত কাওসারের ব্যবহৃত মোবাইল ফোনটি আনলক অবস্থায় পাওয়া যায়। ফোন থেকে তার ছবি সংগ্রহ করা সম্ভব হলেও তার স্থায়ী ঠিকানা, বয়স বা বিস্তারিত পারিবারিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্ত ও তার পরিবারের সন্ধান পেতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ যদি কাওসার আলমকে চিনে থাকেন বা তার স্থায়ী ঠিকানা সম্পর্কে অবগত থাকেন, তবে দ্রুত স্থানীয় পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কোনো আনুষ্ঠানিক তথ্য পেয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সাধারণত পরিচয় শনাক্ত হওয়ার পর দূতাবাসের মাধ্যমেই মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।
বিভি/এআই



মন্তব্য করুন: