মালয়েশিয়ায় বাংলাদেশি অধ্যুষিত ‘মিনি ঢাকা’ অবৈধ অভিবাসীমুক্ত
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোতারায়া বাংলা মার্কেট বাংলাদেশি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। তবে, সম্প্রতি প্রবাসীদের কাছে এটি ‘মিনি ঢাকা’ নামেই বেশি পরিচিতি পেয়েছে। সেই ‘মিনি ঢাকা’র জালান সিলাং এলাকাটি বর্তমানে সম্পূর্ণ অবৈধ অভিবাসীমুক্ত বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। একই সঙ্গে জালান সিলাং কুয়ালালামপুরের গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় সেখানে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশজুড়ে চিহ্নিত ‘হটস্পট’ এলাকাগুলোতে অভিযান পরিচালনার অংশ হিসেবে মঙ্গলবার (১০ মার্চ) কুয়ালালামপুরের লেবুহ পুডু থেকে মসজিদ জামেক এবং জালান সিলাং সংলগ্ন এলাকায় ইমিগ্রেশন ইনস্পেক্টরেট বিভাগের একটি বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। অভিযান শেষে এ তথ্য নিশ্চিত করেন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) লোকমান এফেন্দি রামলি।
তিনি জানান, এলাকাটি বিদেশিদের প্রধান কেন্দ্রস্থল হওয়ায় এটি বিশেষ নজরদারিতে রাখা হয়েছিল। অভিযানের সময় বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান ও জার্মানিসহ বিভিন্ন দেশের মোট ৮২৩ জন বিদেশি নাগরিকের নথিপত্র যাচাই করা হয়।
দীর্ঘ সময় ধরে চলা যাচাই শেষে ইমিগ্রেশন বিভাগ নিশ্চিত করে, প্রত্যেক বিদেশি নাগরিকের কাছেই বৈধ ভিজিট পাস বা ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে।
কর্মকর্তারা আরও জানান, উপস্থিত সবাই দেশটিতে কাজ বা ভ্রমণের উদ্দেশ্যে সম্পূর্ণ বৈধভাবে অবস্থান করছেন এবং কারও মধ্যেই আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়নি।
অভিবাসন বিভাগ আরও জানিয়েছে, দেশের অভিবাসন আইন কঠোরভাবে নিশ্চিত করতে চিহ্নিত ‘হটস্পট’ এলাকাগুলোতে নিয়মিত এ ধরনের অভিযান ও পরিদর্শন চালানো হচ্ছে। কোনো এলাকাতেই অভিবাসন আইন লঙ্ঘন করে অবৈধভাবে অবস্থানের সুযোগ দেওয়া হবে না। জালান সিলাংয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানেও ভবিষ্যতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
এদিকে, বৈধ নথিপত্র ছাড়া কাউকে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: