• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের পদচারণা

নির্জন মোশাররফ, অস্ট্রেলিয়া

প্রকাশিত: ২১:৫৯, ৮ মার্চ ২০২৬

আপডেট: ২২:৪৮, ৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের পদচারণা

অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের পদচারণা এখন আগের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি দৃশ্যমান। সেই অগ্রযাত্রার ধারাবাহিকতা ধরে রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত নেতারা, যাদের প্রতি নিউ সাউথ ওয়েলস লিবারেল পার্টির আস্থা ক্রমেই গভীর হচ্ছে। সেই আস্থারই প্রতিফলন দেখা গেল রমজানের ইফতার আয়োজনে। সেখানে আসন্ন নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ারসহ লিবারেল পার্টির ৫৪ জন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

রবিবার (৮ মার্চ) সিডনির অভিজাত লেমন্টেজ অনুষ্ঠান কেন্দ্রে সম্প্রতি আয়োজনটি অনুষ্ঠিত হয়। ভিন্ন ধর্মের অতিথিদের সামনে কুরআন তিলাওয়াত, আজানের ধ্বনি এবং ইফতারের আয়োজন যেন অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজের প্রকৃত রূপকে আরও উজ্জ্বল করে তোলে; এক মঞ্চে যেন ধর্ম, সংস্কৃতি ও রাজনীতির মানবিক সংযোগ।

সিডনিতে লিবারেল পার্টির লাকেম্বা শাখা ও ব্যাংকসটাউন নির্বাচনী কমিটির সভাপতি মোহাম্মদ জামানের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘ষষ্ঠ বার্ষিক লিবারেল পার্টি ইফতার ভোজ’। ২০২১ সালে ছোট পরিসরে শুরু হওয়া এই আয়োজন লিবারেল পার্টির ভেতরে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ও প্রভাবশালী সমাবেশে পরিণত হয়েছে। স্থানীয় উদ্যোগ থেকে জাতীয় গুরুত্বে পৌঁছানো এই অনুষ্ঠানটি মুসলিম অস্ট্রেলীয়দের সঙ্গে মূলধারার রাজনীতির সেতুবন্ধনকে আরও দৃঢ় করেছে।

এবারের ইফতারে উপস্থিত ছিলেন লিবারেল পার্টির ফেডারেল সিনেটর, সংসদ সদস্য, আইন পরিষদের সদস্য, মেয়র, কাউন্সিলরসহ বিশিষ্ট চিকিৎসক, কমিউনিটি নেতা, সাংবাদিক এবং প্রবীণ ব্যক্তিত্বরা। বৈচিত্র্যময় এই অংশগ্রহণ মোহাম্মদ জামানের নেতৃত্বের প্রতি আস্থা ও গ্রহণযোগ্যতারই প্রতিফলন।

বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক অগ্রযাত্রায় মোহাম্মদ জামান দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। সিটি অব ক্যান্টারবারি-ব্যাংকসটাউনের সাবেক কাউন্সিলর এবং ওয়াটসন আসনের সাবেক ফেডারেল প্রার্থী হিসেবে তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিত্ব ও অধিকার প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে কাজ করছেন। তাঁর নেতৃত্বে লাকেম্বা শাখা অস্ট্রেলিয়ার একমাত্র লিবারেল শাখা, যেখানে বাংলাদেশি কমিউনিটি নেতৃত্বের কেন্দ্রে অবস্থান করছে।

ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, “প্রতি বছর এই আয়োজন করতে পারা আমার জন্য গর্বের। আমাদের লক্ষ্য শুধু ইফতার আয়োজন নয়; অস্ট্রেলিয়ার মূলধারায় মুসলিম এবং বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের অবদান তুলে ধরা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের কমিউনিটির কণ্ঠস্বর উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।”

এই ইফতার শুধু একটি ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠান নয়; এটি অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক শক্তি ও রাজনৈতিক অন্তর্ভুক্তির প্রতীক। লাকেম্বা ও ব্যাংকসটাউন শাখার এই অগ্রযাত্রা নিউ সাউথ ওয়েলসের রাজনীতিতে বাংলাদেশি প্রবাসীদের ক্রমবর্ধমান প্রভাবের একটি উজ্জ্বল উদাহরণ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত