ভেনিসে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইতালির ভেনিসের মেস্ত্রে বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভেনিস বিএনপি পরিবারের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভেনিস ও আশপাশের এলাকায় বসবাসরত বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভেনিস বিএনপির সদ্য সাবেক সভাপতি আবদুল আজিজ সেলিম। তিনি পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিএনপি নেতাকর্মীদের ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে ভেনিসে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপি পরিবারের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
আলোচনা সভা শেষে মসজিদের ইমাম আব্দুল আজিজ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। পরে আগত অতিথিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ভেনিস বিএনপি পরিবারের এ উদ্যোগ স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: