ভোটকেন্দ্র দখল সংক্রান্ত কোনো মন্তব্য করেননি বিএনপি নেতা এ্যানি
সম্প্রতি, বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ‘জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে, আর আমরা খেলবো অন্যভাবে-ডাইরেক্ট ভোটকেন্দ্র দখল’ শীর্ষক মন্তব্য করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভোটকেন্দ্র দখল সংক্রান্ত কোনো মন্তব্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানি করেননি বরং, গত ০৩ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরে কম্পিউটার দোকানে নির্বাচনী সিল, ভোট জালিয়াতির আশঙ্কায় বিএনপির সংবাদ সম্মেলনের সময়কার এ্যানির একটি ছবি দিয়ে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে শহীদউদ্দিন চৌধুরী এ্যানি কর্তৃক ভোটকেন্দ্র দখল করা সংক্রান্ত মন্তব্য করার সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
পরবর্তী অনুসন্ধানে গত ০৩ ফেব্রুয়ারি রাত ০৮টা ৫০ মিনিটে ‘Lakshmipur Diganta’ নামক একটি ফেসবুক পেজ থেকে করা একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে যুক্ত ভিডিওতে এ্যানির ব্যাকগ্রাউন্ড, সামনে থাকা মাইক্রোফোন এবং পোশাকের সাথে আলোচিত দাবিতে থাকা এ্যানির ব্যাকগ্রাউন্ড, মাইক্রোফোন এবং পোশাকের মিল রয়েছে।
উক্ত পোস্টে বলা হয়েছে, গত ০৩ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরে ভোটের সিলসহ দোকানী আটক, জামায়াত কর্মী দাবি করে বিএনপির করা সংবাদ সম্মেলনের ভিডিও এটি।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে Lakshmipur24.com নামক একটি ফেসবুক পেজ থেকে গত ০৩ ফেব্রুয়ারি রাত ১১টা ৩৩ মিনিটে প্রচারিত এ্যানির সংবাদ সম্মেলনে দেওয়া পুরো বক্তব্যের ভিডিও খুঁজে পাওয়া। ০৯ মিনিট ৪৬ সেকেন্ডের পুরো বক্তব্যে শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ নিয়ে কথা বললেও ‘ভোটকেন্দ্র দখল’ সংক্রান্ত কোনো মন্তব্য করতে শোনা যায়নি।
একই সংবাদ সম্মেলনে দেওয়া এ্যানির বক্তব্য ডিবিসি নিউজ, যমুনা টিভিও প্রচার করছে। সেগুলোতে ‘ভোটকেন্দ্র দখল’ সংক্রান্ত কোনো মন্তব্য এ্যানিকে করতে শোনা যায়নি।
সুতরাং, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ‘জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে, আর আমরা খেলবো অন্যভাবে-ডাইরেক্ট ভোটকেন্দ্র দখল’ মন্তব্যটি করেছেন দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
সূত্র: রিউমর স্ক্যানার
বিভি/এসজি



মন্তব্য করুন: