• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনী প্রচারণায় তারেক রহমানের ৩০ জিবি ফ্রি ডাটা দেওয়ার বিষয়টি ভুয়া

প্রকাশিত: ১২:৫৪, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৩৯, ৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নির্বাচনী প্রচারণায় তারেক রহমানের ৩০ জিবি ফ্রি ডাটা দেওয়ার বিষয়টি ভুয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সমর্থন প্রচারণার জন্য সকলকে বিনামূল্যে ৩০ জিবি ইন্টারনেট ডাটা দিচ্ছেন শীর্ষক দাবিতে একটি তথ্য মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপে প্রচার করা হচ্ছে।  

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নির্বাচন উপলক্ষে তারেক রহমান কর্তৃক ৩০ জিবি ফ্রি ইন্টারনেট অফার প্রদানের লিংকটি ভুয়া এবং উক্ত পদ্ধতি ব্যবহার করে ৩০ জিবি ইন্টারনেট পাওয়ার বিষয়টিও মিথ্যা। প্রকৃতপক্ষে, প্রতারণার উদ্দেশে ভুয়া সাইট তৈরি করে উক্ত অফার প্রদানের প্রলোভন দেখানো হচ্ছে। 

অনুসন্ধানের শুরুতে রিউমর স্ক্যানার উক্ত অফার সংক্রান্ত ওয়েবসাইটটি পর্যবেক্ষণ করে। প্রচারিত লিংকে প্রবেশ করলে প্রথমেই বিনামূল্যে ইন্টারনেট পাওয়ার একটি অপশন দেখা যায়। এরপর ব্যবহারকারীর কাছে মোবাইল নাম্বার চাওয়া হয়। নাম্বার প্রদান করার পর যাচাই করা হয় যে, অফারটি সংশ্লিষ্ট নাম্বারের জন্য প্রযোজ্য কি না। 

তবে রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণে দেখা গেছে, মোবাইল নম্বরের স্থানে এক ডিজিটের সংখ্যা বা অপ্রাসঙ্গিক যেকোনো সংখ্যা দিলেও ওয়েবসাইটটি সেই নম্বরের জন্য অফারটি প্রযোজ্য বলে দেখায়। 

পরবর্তীতে, ওয়েবসাইটটি জানায় যে এই ধাপগুলো অনুসরণ করলে ১০ মিনিটের মধ্যে ৩০ জিবি ফ্রি ইন্টারনেটের কনফার্মেশন মেসেজ পাওয়া যাবে। শর্ত হিসেবে, মোবাইল নম্বর দেওয়ার পর ৩০ জিবি ইন্টারনেট ফ্রি পেতে হোয়াটসঅ্যাপে লিংকটি ১৫ জন বন্ধুকে শেয়ার করতে বলা হয়।

অনুসন্ধানের অংশ হিসেবে রিউমর স্ক্যানার ওয়েবসাইটের সব নির্দেশনা অনুসরণ করলেও কোনো ইন্টারনেট অফার মেলেনি। শেয়ারকৃত ১৫ জনও একই নির্দেশনা মেনে চলেছে, কিন্তু তাদের মধ্যেও কেউ ৩০ জিবি ফ্রি ইন্টারনেটের অফারটি পাননি। 

এছাড়াও, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে নির্বাচন উপলক্ষে তারেক রহমান কর্তৃক প্রচারণার জন্য বিনামূল্যে ৩০ জিবি ইন্টারনেট প্রদানের ক্যাম্পেইন সম্পর্কে কোনো গণমাধ্যম কিংবা বিএনপি সংশ্লিষ্ট সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। 

অর্থাৎ, ওয়েবসাইটটি নিজেদের প্রচারণার স্বার্থে ১০০ জিবি ডাটা প্রদানের প্রলোভন দেখিয়ে লিংকটি ছড়িয়ে দিচ্ছে। 

তাছাড়া, ডোমেইন বিশারদ ওয়েবসাইট ‘Who.is’ এ গিয়ে উক্ত ডোমেইনটির বিস্তারিত জানতে চাইলে সেখানে ওয়েবসাইটটি ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বরে তৈরি করা হয়েছে বলে দেখানো হয়। দেখুন: এখানে। 

প্রসঙ্গত, এ ধরনের স্ক্যাম লিংকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া আইডি হ্যাক, ব্যক্তিগত ডাটা চুরি এবং ব্ল্যাকমেইলের মাধ্যমে ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার নজির রয়েছে। 

সুতরাং, নির্বাচন উপলক্ষে তারেক রহমান কর্তৃক প্রচারণার জন্য বিনামূল্যে ৩০ জিবি ইন্টারনেট প্রদানের ক্যাম্পেইন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

সূত্র: রিউমর স্ক্যানার  

বিভি/এসজি

মন্তব্য করুন: