‘নেতাকর্মীদের বিপাকে ফেলেছেন তারেক রহমান’- মন্তব্যটি করেননি মির্জা ফখরুল
গত ৩০ জানুয়ারি রংপুরে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রথমবারের মতো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই সনদের সম্মানে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই প্রেক্ষিতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে ‘শেষ মূহুর্তে এসে সিদ্ধান্ত পরিবর্তন করে নেতাকর্মীদের বিপাকে ফেলেছেন তারেক রহমান’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেষ মুহূর্তে তারেক রহমানের সিদ্ধান্ত পরিবর্তন নেতাকর্মীদের বিপাকে ফেলেছে বলে মন্তব্য করেননি মির্জা ফখরুল। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। বিএনপির ফেসবুক পেজ, মিডিয়া সেল, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে মির্জা ফখরুল এমন মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। মির্জা ফখরুলের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।
এ বিষয়ে আরও নিশ্চিত হতে বিএনপির মিডিয়া সেলের সিনিয়র সদস্য শায়রুল কবির খানের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করেননি বলে তিনি জানান।
সুতরাং, তারেক রহমানকে জড়িয়ে মির্জা ফখরুলের মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
সূত্র: রিউমর স্ক্যানার
বিভি/এসজি



মন্তব্য করুন: