‘সুষ্ঠু নির্বাচন হলে জামায়াত ১টি আসনও পাবে না’ বলে মন্তব্য করেননি ইশরাক হোসেন
সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতা ইশরাক হোসেনের ছবি সংবলিত একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার। এই ফটোকার্ডে দাবি করা হয়েছে ইশরাক বলেছেন,‘নির্বাচন সুষ্ঠু হলে জামায়াত ইসলামী সারাদেশে ১টি আসনও পাবে না।’
ফ্যাক্টচেক-
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ‘নির্বাচন সুষ্ঠু হলে, জামায়াত ইসলামী সারাদেশে ১টি আসনও পাবে না।’ শীর্ষক মন্তব্য করেননি ইশরাক হোসেন। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, দেশীয় সংবাদমাধ্যম ‘যমুনা টিভি’-এর লোগোর আদলে তৈরি ‘Janina Television’ নামের একটি ফেসবুক পেজে গত ৪ ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডটি পোস্ট করা হয়। তবে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে ‘Janina Television’ এর লোগোর অংশ বাদ দেওয়া হয়েছে।
‘Janina Television’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘একটি বিনোদন মূলক প্লাটফর্ম। আমাদের পোস্ট গুলো শুধুমাত্র বিনোদনের অংশ। কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না।’
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, ‘নির্বাচন সুস্থ হলে, জামায়াত ইসলামী সারাদেশে ১টি আসনও পাবে না।’ শীর্ষক মন্তব্য ইশরাক হোসেন করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: