• NEWS PORTAL

  • শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

জঙ্গিগোষ্ঠীর পুরোনো ভিডিও বার্তাকে সাম্প্রতিক দাবিতে প্রচার

প্রকাশিত: ২৩:৩৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
জঙ্গিগোষ্ঠীর পুরোনো ভিডিও বার্তাকে সাম্প্রতিক দাবিতে প্রচার

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জেল থেকে মুক্তি পেয়ে জঙ্গিগোষ্ঠী আনসার আল ইসলাম এবং জামায়াতুল আনসার ফিল হিন্দাল আল শারক্বিয়ার নেতা প্রকাশ্যে জিহাদের ডাক দিয়ে ভিডিও বার্তা প্রকাশ করেছেন—এমন দাবিতে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি জঙ্গিগোষ্ঠী আনসার আল ইসলাম এবং জামায়াতুল আনসার ফিল হিন্দাল আল শারক্বিয়ার নেতার সাম্প্রতিক সময়ে জিহাদের ডাক দিয়ে ভিডিও বার্তা প্রকাশের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র আমির মো. আনিসুর রহমান মাহমুদ গ্রেফতারের ঘটনায় সে সময় প্রকাশিত প্রতিবেদনের অংশ কাটছাঁট করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ২০২৪ সালের ১৮ নভেম্বর জামায়াতুল আনসার ফিল হিন্দাল আল শারক্বিয়ার ১০ জন সদস্যের জামিনের তথ্য পাওয়া যায়।

পরবর্তীতে আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে Global Television-এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৪ জুলাই প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটির শুরুর অংশের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও বার্তার মিল পাওয়া যায়। প্রতিবেদনটি সে সময় ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র আমির মো. আনিসুর রহমান মাহমুদ গ্রেফতারের ঘটনায় প্রকাশ করা হয়েছিল বলে জানা যায়। অর্থাৎ, হিন্দাল শারক্বিয়ার ভিডিও বার্তাটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালের নয়।

আলোচিত ভিডিও বার্তায় দেখা বাকি ফুটেজগুলোর বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া নিয়ে যমুনা টেলিভিশন এবং চ্যানেল ২৪-এ একই বছর প্রকাশিত ভিন্ন ভিন্ন দুটি প্রতিবেদনের ফুটেজ নিয়ে ভিডিওটির বাকি অংশ তৈরি করা হয়েছে।

অর্থাৎ, অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র সদস্যদের জামিন পাওয়ার তথ্য পাওয়া গেলেও আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এছাড়া উক্ত ভিডিওর সঙ্গে আরেক জঙ্গিগোষ্ঠী আনসার আল ইসলামের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ২০২৩ সালের ভিডিওকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জেল থেকে মুক্তি পেয়ে জামায়াতুল আনসার ফিল হিন্দাল আল শারক্বিয়ার নেতা ভিডিও বার্তায় জিহাদের ডাক দিয়েছেন—এমন দাবিতে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: