তারেক রহমানের মন্তব্য দাবিতে সমকালের এডিট করা ফটোকার্ড প্রচার
গত ৭ ফেব্রুয়ারি ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছেন- ১২ তারিখ নির্বাচন পর্যন্ত চাঁদাবাজি, ঢেঁড়াবাজি, দলীয় কর্মী খুন বন্ধ রাখতে- বুদ্ধিজীবী সুজনের তীব্র নিন্দা’ শীর্ষক দাবিতে সংবাদমাধ্যম সমকাল-এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি এবং এ ধরনের দাবিতে সমকালও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং সমকালের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সমকাল-এর লোগো এবং প্রচারের তারিখ হিসেবে ‘৭ ফেব্রুয়ারি ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এ সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ৭ ফেব্রুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে সমকালের ফেসবুক পেজে গত ৭ ফেব্রুয়ারি উক্ত ছবি সংবলিত ‘সুজনের তথ্য—নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৫১৯ জন ঋণগ্রহীতা, বেশি বিএনপির’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড পাওয়া যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটির সঙ্গে শিরোনাম ছাড়া বাকি সব উপাদানের মিল রয়েছে। সমকালের মূল ফটোকার্ডে ‘সুজনের তথ্য—নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৫১৯ জন ঋণগ্রহীতা, বেশি বিএনপির’ শিরোনাম থাকলেও প্রচারিত ভুয়া ফটোকার্ডে এর পরিবর্তে ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছেন—১২ তারিখ নির্বাচন পর্যন্ত চাঁদাবাজি, ঢেঁড়াবাজি, দলীয় কর্মী খুন বন্ধ রাখতে—বুদ্ধিজীবী সুজনের তীব্র নিন্দা’ লেখা হয়েছে।
অর্থাৎ, সমকালের মূল ফটোকার্ড সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমানের মন্তব্য দাবিতে সমকালের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত ও ভুয়া।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: