বাংলাদেশের নাম মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি নিয়ে কোন মন্তব্য করেননি তুরস্কের প্রেসিডেন্ট
সম্প্রতি, “বাংলাদেশ যদি সংখ্যালঘু হত্যা বন্ধ না করে এবং ইসলামী জঙ্গিদের আশ্রয়দান বন্ধ না করে তাহলে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে।” শীর্ষক মন্তব্যটি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান করেছেন—এমন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের নাম মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি সংক্রান্ত মন্তব্যটি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান করেননি। বরং কোনো তথ্য বা প্রমাণ ছাড়াই আলোচিত মন্তব্যটি এরদোয়ানের নামে প্রচার করা হচ্ছে।
যদি রাষ্ট্রের প্রধান এরদোয়ান এমন কোনো হুমকি দিতেন, তবে তা গণমাধ্যমে প্রকাশিত হওয়াটাই স্বাভাবিক। কিন্তু প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে বাংলাদেশ ও তুরস্কের গণমাধ্যমে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।
এছাড়া এরদোয়ানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, বাংলাদেশের নাম মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান মন্তব্য করেছেন—এ ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: