ফটোকার্ড সম্পাদনা করে প্রেস সচিবের নামে ভুয়া মন্তব্য প্রচার
সম্প্রতি “আমার স্ত্রী বলছে, আমি যদি এই অপদার্থ অবৈধ ইউনূস সরকারের চাকরি না ছাড়ি, সে আমাকে তালাক দেবে”—এমন শিরোনামে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে উদ্ধৃত করে সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম ‘প্রতিদিন খবর’-এর ডিজাইনসংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “আমার স্ত্রী বলছে, আমি যদি এই অপদার্থ অবৈধ ইউনূস সরকারের চাকরি না ছাড়ি, সে আমাকে তালাক দেবে”—এ শিরোনামে ‘প্রতিদিন খবর’ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। শফিকুল আলমও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘প্রতিদিন খবর’-এর অন্য একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত দাবিসংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ‘প্রতিদিন খবর’-এর লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ২৪ ডিসেম্বর ২০২৫ উল্লেখ রয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে ‘প্রতিদিন খবর’-এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে ওই তারিখে আলোচিত শিরোনামসংবলিত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। এছাড়া, ‘প্রতিদিন খবর’-এর ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এ দাবির বিষয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি।
তবে একই তারিখে ‘আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রেস সচিব’ শিরোনামে একটি ফটোকার্ড পাওয়া যায়।
এছাড়া ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা যায়, সংবাদমাধ্যমটির প্রচলিত ফটোকার্ডগুলোর সঙ্গে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনে অমিল রয়েছে।
অর্থাৎ, ‘প্রতিদিন খবর’-এর প্রকাশিত একটি ফটোকার্ড সম্পাদনা করে ভুয়া দাবিসংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, “আমার স্ত্রী বলছে, আমি যদি এই অপদার্থ অবৈধ ইউনূস সরকারের চাকরি না ছাড়ি, সে আমাকে তালাক দেবে”—এ শিরোনামে ‘প্রতিদিন খবর’-এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: