কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়িতে জামায়াত-শিবিরের অগ্নিসংযোগের দাবি ভুয়া
সম্প্রতি “কুষ্টিয়া বিএনপি নেতার বাড়িতে আগুন দিল জামাত-শিবিরের নেতাকর্মীরা” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেক:
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত ভিডিওটি কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়িতে জামায়াত-শিবিরের অগ্নিসংযোগের কোনো ঘটনা নয়। প্রকৃতপক্ষে, নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও অগ্নিসংযোগের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে সময় টিভির ইউটিউব চ্যানেলে গত ৪ ফেব্রুয়ারি ‘ফের উত্তপ্ত নরসিংদীর রায়পুরা, গুলিতে কিশোর নিহত’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরু থেকে ৮ সেকেন্ডের অংশের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।
আরও অনুসন্ধান করে সমকালের ওয়েবসাইটে ৪ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে বাড়িঘরে আগুন এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মুস্তাকিম মিয়া (১৩) নামে এক স্কুলছাত্র গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত কয়েক বছরে উপজেলার চরাঞ্চল সায়দাবাদ এলাকায় হানিফ মাস্টার ও এরশাদ মিয়া গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উভয়পক্ষের নারীসহ কমপক্ষে ৮ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। পাশাপাশি বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটেছে।
সেদিন বালুচর গ্রামের এরশাদ গ্রুপের লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সায়দাবাদ গ্রামের হানিফ মাস্টার গ্রুপের বাড়িতে হামলা চালায়। এসময় হানিফ মাস্টারের লোকজনও প্রতিরক্ষা করতে গিয়ে গুলিবর্ষণ ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া আগুনে ৪টি ঘর পুড়ে যায় এবং কমপক্ষে ১০ জন আহত হন।
সায়দাবাদ গ্রামের লোকজন অভিযোগ করেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করেছেন, যার ফলে গ্রামে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার এড়াতে গ্রাম প্রায় পুরুষ শূন্য থাকে এবং এ সুযোগে প্রতিপক্ষের লোকজন বালুচর গ্রামের থেকে এসে হামলা চালায়।
সেসময় অন্যান্য গণমাধ্যমগুলোও বিষয়টি সংবাদ প্রকাশ করেছে।
অর্থাৎ, ভিডিওটি রাজনৈতিক কারণে কুষ্টিয়ায় অগ্নিসংযোগের নয়।
সুতরাং, কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়িতে জামায়াত-শিবিরের অগ্নিসংযোগের দাবিটি মিথ্যা।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: