• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

পোশাক শ্রমিকদের আন্দোলন 

‘সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও-ছবির সত্যতা নেই’ 

প্রকাশিত: ১৫:৩০, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও-ছবির সত্যতা নেই’ 

ছবি: কোলাজ

রাজধানীর মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে হতাহতের বিভিন্ন ঘটনা নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এসব ভিডিওতে পুলিশকে শ্রমিকদের ওপর গুলি চালাতেও দেখা যায়। তবে প্রচারিত এসব ভিডিওর সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে বিভিন্ন ফ্যাক্ট চেকিং স্ক্যানার।

দ্য ডিসেন্টের অনুসন্ধানে বলা হয়েছে, গাজীপুরে শ্রমিক হত্যার তথ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ঘটনার পুরোনো ছবি প্রচার করা হচ্ছে। বিশ্লেষণ করা তিনটি ভিডিওতে পুলিশ সদস্যদের একটি শিশুকে থাপ্পড় দেওয়ার পর কোমর ধরে শূন্যে তুলে পিচঢালা রাস্তায় আছড়ে ফেলতে দেখা যায়। আরেকটি দৃশ্যে নিজেকে ছাত্র পরিচয় দেওয়া এক ব্যক্তির মাথায় লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায়। ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যাওয়ার পর পুলিশ সদস্যরা স্থান ত্যাগ করেন। অন্য একটি ভিডিওতে স্কুলের পোশাক পরা এক শিক্ষার্থীকে কলার ধরে নিয়ে যাওয়ার সময় একে একে সাত পুলিশ সদস্যকে লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায়। তবে এসব ভিডিও এআই দিয়ে তৈরি বলে দাবি করা হয়েছে ডিসেন্টের বিশ্লেষণে; এগুলোর সত্যতা পাওয়া যায়নি।

অন্যদিকে, রিউমার স্ক্যানারের ভেরিফায়েড পেজে বলা হয়েছে, গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় দুজন পোশাকশ্রমিক নিহত হয়েছেন বলে প্রচারিত তথ্যটি গুজব। ধারণা করা হচ্ছে, এ ধরনের অপতথ্য ছড়াতে এআই ব্যবহার করে ছবি ও ভিডিও তৈরি করা হচ্ছে।

ফাস্ট চেকের অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত একটি ভিডিওর সঙ্গে বাস্তবতার মিল নেই। বরং ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে, যা এক ছাত্রলীগ নেতার পেজ থেকে প্রচার করা হয়। ভিডিওতে এক ব্যক্তিকে রাস্তার ওপর থাকা কাঠ বা স্টিলের একটি বস্তু ভেদ করে চলে যেতে দেখা যায়, যা বাস্তবে সম্ভব নয়। এ ছাড়া ভিডিওর পারিপার্শ্বিক দৃশ্যে অসংগতি রয়েছে এবং ব্যক্তিদের হাঁটা ও দৌড়ানোর ধরনও অস্বাভাবিক। অর্থাৎ, এআই দিয়ে তৈরি ভিডিওটি শ্রমিকদের ওপর পুলিশের গুলি চালানোর দৃশ্য দাবি করে প্রচার করা হচ্ছে।

সব মিলিয়ে, মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে হতাহতের ঘটনা দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া ভিডিও ও ছবি প্রচার করা হচ্ছে। ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলোর অনুসন্ধানে এসব প্রচারের সত্যতা পাওয়া যায়নি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত