• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

শ্রমিক আন্দোলনে যোগ দেওয়ায় নারীকে গাছে বেঁধে রাখার দাবি মিথ্যা

প্রকাশিত: ২৩:২২, ৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শ্রমিক আন্দোলনে যোগ দেওয়ায় নারীকে গাছে বেঁধে রাখার দাবি মিথ্যা

ছবি: ভিডিও থেকে নেওয়া

পোশাক শ্রমিকদের আন্দোলনে যোগ দিতে যাওয়ায় এক নারী শ্রমিককে গাছের সঙ্গে বেঁধে রাখার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে মিথ্যা বলে শনাক্ত করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফাস্ট চেক। প্রতিষ্ঠানটির অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি সাম্প্রতিক শ্রমিক আন্দোলনের নয়; বরং গত আগস্টে প্রকাশিত একটি পারিবারিক বিরোধের ঘটনার ভিডিওকে ভিন্ন দাবি দিয়ে প্রচার করা হচ্ছে।

‘আন্দোলনে যোগ দিতে যাওয়ায় নারী পোশাক শ্রমিককে গাছের সঙ্গে বেঁধে রাখলেন কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন দেওয়ান’—এমন দাবি করে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়। দৈনিক আমাদের সংবাদ ও Gopalganj Insiders নামের ফেসবুক পেজ এবং Amanullah Aman নামের ফেসবুক আইডিসহ একাধিক পেজ ও প্রোফাইল থেকে ভিডিওটি প্রচার করা হয়েছে।

ফাস্ট চেকের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি গত ১৮ আগস্ট থেকেই ফেসবুকে পাওয়া যাচ্ছে। অন্যদিকে, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন শুরু হয় গত ১২ অক্টোবর। অর্থাৎ, ভিডিওটি শ্রমিক আন্দোলন শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

আন্দোলনের আগে প্রকাশিত পোস্টগুলোতে ঘটনাটিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের বাড়িয়াকান্দা গ্রামের একটি পারিবারিক বিরোধ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

ভিডিওতে থাকা নারীকে শাশুড়ি, জা, জমিজমা ও পারিবারিক কলহ নিয়ে কথা বলতে শোনা যায়। সেখানে পোশাক কারখানা, শ্রমিক কিংবা কোনো আন্দোলনে যোগ দেওয়ার বিষয়ে কোনো উল্লেখ নেই।

ফলে, পুরোনো একটি পারিবারিক বিরোধের ভিডিওকে পোশাক শ্রমিক আন্দোলনে যোগ দিতে যাওয়ায় এক নারী শ্রমিককে গাছে বেঁধে রাখার ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে। ফাস্ট চেকের অনুসন্ধান অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিটি মিথ্যা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত