ইভা ব্রাউন: পাথরে ফোটা রক্তগোলাপ
ইতিহাসের ভয়ংকরতম স্বৈরশাসকদের একজন অ্যাডলফ হিটলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হলোকাস্ট, লাখ লাখ মানুষের করুণ মৃত্যুসহ মানবসভ্যতার অন্ধকার এক অধ্যায় জড়িয়ে আছে তার নামের সঙ্গে। তবে এসবের আড়ালে রহস্যঘেরা তার ব্যক্তিগত জীবনের গোপন কুঠুরিতে ছিলেন একান্ত এক নারী। ইভা ব্রাউন।
দীর্ঘ ১৪ বছর হিটলারের ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন ইভা। অথচ অধিকাংশ সময়জুড়েই তাদের এই সম্পর্ক ছিল একেবারে লোকচক্ষুর আড়ালে। জার্মানির ক্ষমতার কেন্দ্র থেকে দূরে, পাহাড়ি অবকাশযাপনকেন্দ্র, ব্যক্তিগত বাসভবন আর অতি গোপনীয়তার বাতাবরণে গড়ে উঠেছিল ইভা ব্রাউনের ভিন্ন এক দুনিয়া। সেখানে একদিকে যেমন ছিল প্রেম আর বিলাস, তেমনি আরেক দিকে ছিল নিঃসঙ্গতা, স্বীকৃতিহীনতা আর অনিশ্চয়তা। কে ছিলেন এই ইভা ব্রাউন?
ক্যামেরার দোকান থেকে হিটলারের ব্যক্তিগত মহলে
১৯১২ সালের ৬ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে জন্ম ইভা আনা পাওলা ব্রাউনের। বাবা ফ্রিডরিখ ফ্রিটজ ব্রাউন ছিলেন স্কুলশিক্ষক। মা ফ্যানি ব্রাউন ছিলেন গৃহিণী। মধ্যবিত্ত ক্যাথলিক পরিবারে বেড়ে ওঠা ইভা পড়াশোনা করেছেন মিউনিখের একটি মেয়েদের স্কুলে। পরে একটি ক্যাথলিক প্রতিষ্ঠানে গৃহস্থালি ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ ও টাইপিংয়ের প্রশিক্ষণ নেন।
ইভা ছিলেন প্রাণবন্ত, ফ্যাশনসচেতন। ছবি তুলতে ভালোবাসতেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে উচ্চাকাঙ্ক্ষী পেশাজীবন গড়ার দিকে তেমন একটা ঝোঁক ছিল না তার। ১৯২৯ সালে সহকারী হিসেবে কাজ শুরু করেন মিউনিখের আলোকচিত্রী হাইনরিখ হফম্যানের স্টুডিওতে।
এই হফম্যান ছিলেন অ্যাডলফ হিটলারের ব্যক্তিগত আলোকচিত্রী এবং নাৎসি পার্টির ঘনিষ্ঠ সহযোগী। হিটলারের রাজনৈতিক উত্থানপর্বে তার প্রচারণামূলক ছবিগুলো জনমনে ফুয়েরারের একটি ভাবমূর্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসবের সূত্রে ১৯২৯ সালের অক্টোবরে ওই স্টুডিওতেই প্রথমবারের মতো হিটলারের সঙ্গে দেখা হয় ১৭ বছর বয়সী ইভা ব্রাউনের।
তখন হিটলারের বয়স ৪০। পরিচয়ের শুরুতে হিটলার নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করেননি বলে বিভিন্ন জীবনীতে উল্লেখ রয়েছে। প্রথমদিকে সিনেমা দেখা ও রেস্তোরাঁয় যাওয়ার মধ্য দিয়ে তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এই সম্পর্ক ঠিক কখন প্রেমের সম্পর্কে রূপ নেয়, তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে কিছুটা মতপার্থক্য আছে।
প্রেম, অপেক্ষা আর নিঃসঙ্গতার অদ্ভুত সমীকরণ
জার্মানির রাজনীতিতে দ্রুত ক্ষমতার শীর্ষে উঠছিলেন হিটলার। এ সময় ব্যক্তিগত জীবনে কোনো নারীর উপস্থিতির কথা প্রকাশ্যে আসুক, তা চাইতেন না তিনি। নাৎসি প্রচারণায় হিটলারকে এমন একজন নেতা হিসেবে তুলে ধরা হতো, যিনি ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে জার্মান জাতির জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তার প্রকাশ্য প্রেম বা বিয়ে এই ভাবমূর্তির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে মনে করা হতো।
ফলে ইভা ব্রাউনকে বছরের পর বছর একেবারে আড়ালেই থাকতে হয়েছে। হিটলারের ব্যক্তিগত পরিসরে তার অবস্থান থাকলেও জার্মান জনগণের কাছে তিনি ছিলেন প্রায় অজানা এক নারী।
এই গোপন সম্পর্ক ইভার জীবনে গভীর মানসিক চাপ তৈরি করেছিল। এর কিছু ইঙ্গিত পাওয়া যায় তার দুইবার আত্মহত্যার প্রচেষ্টায়। ১৯৩২ সালের নভেম্বরে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। ১৯৩৫ সালে নিয়েছিলেন অতিরিক্ত ঘুমের ওষুধ। এসবের পেছনে হিটলারের সঙ্গে সম্পর্কের অনিশ্চয়তা এবং তার কাছ থেকে পর্যাপ্ত সময় ও স্বীকৃতি না পাওয়ার বিষয়টি নানা সময়ে জীবনীকারদের আলোচনায় এসেছে।
পরবর্তী সময়ে হিটলার ইভার জন্য মিউনিখে একটি বাড়ির ব্যবস্থা করেন। দেওয়া হয় মার্সিডিজ গাড়ি ও ব্যক্তিগত চালক। ১৯৩৬ সাল থেকে বাভারিয়ান আল্পসের ওবারজালৎসবার্গ এলাকায় হিটলারের অবকাশযাপনকেন্দ্র বার্গহফেও ইভার নিয়মিত বসবাস শুরু হয়।
সেখানে ছিল বিলাসবহুল জীবনযাপন, পাহাড়ি প্রকৃতি, সিনেমা, সাঁতার, স্কিইংসহ বিনোদনের নানা আয়োজন। কিন্তু এসব সত্ত্বেও তাদের সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি ছিল না।
বার্গহফের অন্তরালে অন্য এক ইভা
বার্গহফে ইভার দিন কাটত অবকাশযাপনকারীর মতো। অতিথিদের সঙ্গে সময় কাটানো, সিনেমা দেখা, গান শোনা, ছবি তোলা, পাহাড়ে ঘোরাঘুরি, এসব ছিল তার পছন্দের কাজ। ফ্যাশন ও সাজসজ্জার প্রতিও ছিল ব্যাপক আগ্রহ।
ইভার আরেকটি বড় আগ্রহ ছিল ফটোগ্রাফি ও চলচ্চিত্র নির্মাণ নিয়ে। ১৬ মিলিমিটারের ক্যামেরায় ধারণ করা তার বেশ কিছু রঙিন হোম মুভির সন্ধান পাওয়া যায়। এসব ফুটেজে হিটলার ও তার ঘনিষ্ঠদের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ধরা আছে।
তবে ইভাকে নিছকই নিরীহ, রাজনীতি-বিচ্ছিন্ন নারী বা প্রেমিকা হিসেবে দেখেন না অনেকেই। জার্মান ইতিহাসবিদ হাইকে বি. গোর্টেমেকারের গবেষণায় উঠে এসেছে, ইভা হিটলারের ঘনিষ্ঠ মহলের সক্রিয় অংশ ছিলেন। হলোকাস্টের তীব্রতা সম্পর্কে তিনি কতটা জানতেন, তা স্পষ্ট নয়। তবে ইহুদিদের নিপীড়নের বাস্তবতা তার একেবারেই অজানা ছিল বলে মনে করা হয় না।
হিটলারের জীবনে ইভার গুরুত্ব
হিটলারের ব্যক্তিগত জীবনে ইভার অবস্থান ও গুরুত্ব নিয়ে ইতিহাসবিদদের মধ্যে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। একসময় তাকে কেবল একজন প্রেমিকা হিসেবেই দেখা হতো। কিন্তু পরবর্তী গবেষণায় উঠে এসেছে, হিটলারের ব্যক্তিগত পরিসরে তার যথেষ্ট প্রভাব ছিল।
বার্গহফে ইভা ছিলেন পরিচিত মুখ। হিটলারের ঘনিষ্ঠ সহযোগী, কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। অতিথিদের আপ্যায়ন ও ব্যক্তিগত আয়োজনেও তার ভূমিকা ছিল। হিটলারের ব্যক্তিগত জীবনের বহু বিষয় তিনি প্রত্যক্ষ করেছেন।
তবে ইভা ব্রাউন নাৎসি পার্টির সদস্য ছিলেন না, তার কোনো সরকারি পদও ছিল না। হিটলারের সামরিক বা রাজনৈতিক সিদ্ধান্তে তার প্রত্যক্ষ ভূমিকারও নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
হিটলার কখনোই প্রকাশ্যে ইভাকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেননি। ১৯৩৮ সালে তৈরি করা উইলে ইভার জন্য আর্থিক সুবিধার ব্যবস্থা রাখা হয়েছিল, কিন্তু বিয়ের কোনো পরিকল্পনা তখনও ছিল না। হিটলার মনে করতেন, বিয়ে করলে তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে ইভার সঙ্গে গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও বিয়ের বিষয়টি চাপা পড়েই ছিল।
যুদ্ধের শেষ অধ্যায়ে প্রেমের পরিণতি
১৯৪৪ সালের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথ হিটলারের জন্য ক্রমেই প্রতিকূল হয়ে উঠতে থাকে। একদিকে পূর্ব ইউরোপ থেকে সোভিয়েত বাহিনী জার্মানির দিকে এগিয়ে আসছে, অন্যদিকে পশ্চিম দিক থেকে মিত্রবাহিনীর আক্রমণে নাৎসি সাম্রাজ্য ভেঙে পড়ছে।
বার্গহফও আর আগের মতো নিরাপদ ছিল না। ১৯৪৫ সালের ৭ মার্চ ইভা বার্লিনে চলে যান। তখন সোভিয়েত বাহিনী জার্মান রাজধানী ঘিরে ফেলার প্রস্তুতি নিচ্ছে। তার আগেই ভূগর্ভস্থ বাঙ্কারে আশ্রয় নিয়েছেন হিটলার।
ওদিকে ইভার পরিবার ও পরিচিতজনদের অনেকে তাকে বার্লিন ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি হিটলারের কাছেই থাকার সিদ্ধান্ত নেন।
এপ্রিলের মাঝামাঝি হিটলারের বাঙ্কারে ওঠেন ইভা। বার্লিনের রাস্তায় তখন সোভিয়েত বাহিনীর সঙ্গে জার্মান সেনাদের ভয়াবহ লড়াই। নাৎসি সাম্রাজ্যের পতন সময়ের ব্যাপার মাত্র।
হিটলারের ঘনিষ্ঠ সহযোগীরা একে একে পালানোর পথ খুঁজছেন। কেউ আত্মসমর্পণের কথা ভাবছেন, কেউ নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করার চেষ্টা করছেন। কিন্তু ইভা ব্রাউন সেখান থেকে সরে যেতে রাজি হননি।
যে নারীকে বছরের পর বছর প্রকাশ্যে স্বীকৃতি দেননি, জীবনের শেষ মুহূর্তে সেই নারীকে নিজের পাশেই রাখার সিদ্ধান্ত নেন হিটলার।
মৃত্যুর মাত্র ৪০ ঘণ্টা আগে বিয়ে
১৯৪৫ সালের ২৯ এপ্রিল। সোভিয়েত বাহিনী তখন বার্লিনের কেন্দ্রস্থলের দিকে এগিয়ে আসছে। হিটলার বুঝতে পারছেন, তার পরাজয় অনিবার্য। পালানোর কোনো পরিকল্পনা নেই। আত্মসমর্পণেও রাজি নন তিনি। এমন পরিস্থিতিতে জীবনের শেষ সিদ্ধান্তগুলোর একটি নেন হিটলার- ইভা ব্রাউনকে বিয়ের সিদ্ধান্ত।
গভীর রাতে বাঙ্কারের ভেতরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন নাৎসি নেতা জোসেফ গোয়েবলস ও মার্টিন বোরমান। বিয়ের নথিতে ইভা নিজের নামের পাশে হিটলারের পদবি ব্যবহার করে স্বাক্ষর করেন। হয়ে যান- ইভা আনা পাওলা হিটলার।
দীর্ঘ প্রায় ১৪ বছরের সম্পর্কের পর অবশেষে আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন ইভা। কিন্তু সেই স্বীকৃতির স্থায়িত্ব ছিল মাত্র কয়েক ঘণ্টা।
বিয়ের পরদিন ৩০ এপ্রিল। দুপুরের দিকে হিটলার ও ইভা নিজেদের ব্যক্তিগত কক্ষে চলে যান। কিছুক্ষণ পর তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। হিটলার নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন। অন্যদিকে ইভা সায়ানাইড বিষ খেয়ে আলিঙ্গন করেন মৃত্যুকে।
হিটলারের নির্দেশ অনুযায়ী তাদের মরদেহ বাঙ্কারের বাইরে রাইখ চ্যান্সেলারির বাগানে নিয়ে যাওয়া হয়। পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয় দুজনের দেহ। মৃত্যুর আগে হিটলার তার উইলে ইভাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে উল্লেখ করেছিলেন, নিজের ইচ্ছাতেই তিনি তার সঙ্গে মৃত্যুবরণ করছেন।
বিভি/এসজি













মন্তব্য করুন: