• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মানুষ কাছে থাকলে বেড়ে যায় বিড়ালের ‘মিউ মিউ’, গবেষণায় উঠে এলো মজার তথ্য!

প্রকাশিত: ১৩:২৬, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:২৭, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মানুষ কাছে থাকলে বেড়ে যায় বিড়ালের ‘মিউ মিউ’, গবেষণায় উঠে এলো মজার তথ্য!

মানুষের সঙ্গে যোগাযোগের সময় বিড়াল অন্য বিড়ালের তুলনায় অনেক বেশি ‘মিউ মিউ’ ডাকে। তবে এই ডাকের মাধ্যমে বিড়াল সত্যিই কোনো বার্তা পৌঁছে দিতে চায় কি না, তা নিয়ে এত দিন স্পষ্ট ধারণা ছিল না। নতুন এক গবেষণায় দেখা গেছে, মানুষের উপস্থিতিতে বিড়ালের মিউ মিউ ডাকের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এতে ধারণা করা হচ্ছে, মানুষের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম হিসেবেই বিড়াল এই ডাক ব্যবহার করে।

‘দ্য সোশ্যাল ইউজ অব মিউ ইন দ্য ইন্টারঅ্যাকশন বিটুইন ক্যাটস অ্যান্ড হিউম্যানস’ শিরোনামে গবেষণাটি প্রকাশিত হয়েছে প্রাণীর আচরণবিষয়ক সাময়িকী অ্যানিমেল বিহেভিয়ার-এ।

গবেষণায় মানুষের উপস্থিতি বিড়ালের ডাক দেওয়ার আচরণে কী প্রভাব ফেলে, তা পরীক্ষা করা হয়। এ জন্য বিড়ালের পছন্দের খাবার ব্যবহার করে একটি বিশেষ পরীক্ষা চালানো হয়। এতে ৩৮টি বিড়াল ও তাদের মানুষের সঙ্গে মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ করা হয়। বিড়ালদের নিজ নিজ বাড়িতে এ পরীক্ষা চালানো হয়, যাতে তাদের স্বাভাবিক পরিবেশে আচরণ বোঝা সম্ভব হয়।

পরীক্ষায় খাবার একটি বাক্সের ভেতরে রাখা হয়েছিল। খাবারটি বিড়াল দেখতে ও গন্ধ পেতে পারলেও কোনোভাবেই নাগালে পাচ্ছিল না। দুটি পরিস্থিতিতে বিড়ালের আচরণ পর্যবেক্ষণ করা হয়—একবার মানুষের উপস্থিতিতে, অন্যবার মানুষ ছাড়া।

ফলাফলে দেখা যায়, মানুষ উপস্থিত থাকলে বিড়ালের মিউ মিউ ডাকার হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিশেষ করে মানুষের দিকে তাকিয়ে থাকার সময় তারা বেশি ডাকতে থাকে। এ ছাড়া মানুষের দিকে তাকানো এবং মানুষ ও খাবারের বাক্সের মধ্যে বারবার দৃষ্টি ফেরানোর মতো আচরণও দেখা যায়।

অন্যদিকে, মানুষ উপস্থিত না থাকলে বিড়ালগুলো তুলনামূলক বেশি সময় স্থির দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে থাকে। গবেষকদের মতে, এর মাধ্যমে বোঝা যায়, মানুষের উপস্থিতি থাকলে কোন আচরণে সাড়া পাওয়ার সম্ভাবনা বেশি, তা বিড়াল বুঝতে পারে।

গবেষণার ফলাফল বলছে, মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বিড়ালের মিউ মিউ ডাকের একটি বিশেষ ভূমিকা রয়েছে। শুধু শব্দের মাধ্যমেই নয়, মানুষের দিকে তাকানোসহ বিভিন্ন শারীরিক ভঙ্গি ও দৃষ্টির ব্যবহার মিলিয়ে বিড়াল নিজেদের চাহিদা বা বার্তা প্রকাশের চেষ্টা করে। অর্থাৎ, শব্দ ও দৃষ্টিসংকেত একসঙ্গে ব্যবহার করে মানুষের কাছে নিজেদের বার্তা আরও কার্যকরভাবে পৌঁছে দেয় বিড়াল। সূত্র: অ্যানিমেল বিহেভিয়ার

বিভি/এজেড

মন্তব্য করুন: