সংসদ মসজিদে গিয়ে জুতা হারিয়ে স্ট্যাটাস দিলেন এমপি হানজালা
জাতীয় সংসদে অধিবেশনের ফাঁকে ওখানকার মসজিদেই নামাজ পড়তে গিয়েছিলেন সংসদ সদস্যরা। সেখানেই জুতা হারিয়ে ফেললেন মাদারীপুর-১ আসনের ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বেশ মজার ছলে এই ঘটনার কথা জানিয়েছেন তিনি।
পোস্টে হানজালা লিখেছেন, আজ সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটে গেলো! নামাজ শেষে দেখি— আমার জুতাটা আর আমার নেই, বদলে অন্য একটা জুতা চলে এসেছে। হয়তো কেউ ভুল করে নিয়ে গেছেন, আবার আমারটাও হয়তো কারো পায়ে চলে গেছে!
তিনি আরও লিখেছেন, এটাই আমাদের জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তগুলোর একটা। যিনি ভুল করে নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন— আর যদি এই পোস্টটা আপনার চোখে পড়ে, তাহলে আমার জুতাটা ফিরিয়ে দিলে খুশি হবো। আপনার জুতাটি আগের জায়গায় রাখা আছে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মাদারীপুর-১ আসনে জয় পান বাংলাদেশ খেলাফত মজলিসের সাইদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি পীরজাদা হানজালা নামেও পরিচিত।
বিভি/এজেড



মন্তব্য করুন: