হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এমপি হাসনাতের ‘বিস্ফোরক’ পোস্ট!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গত ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে মন্ত্রীর ছেলে ও বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে কয়েকটি অভিযোগ ও মন্তব্য করেছেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ চারটি বিষয়কে স্বরাষ্ট্রমন্ত্রীর গত ছয় মাসের ‘উল্লেখযোগ্য সাফল্য’ হিসেবে উল্লেখ করেন।
হাসনাতের পোস্টে বলা হয়, ‘গত ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের উল্লেখযোগ্য সাফল্য—ছেলের বিসিবির ডিরেক্টর হওয়া। প্রায় ৬০০ কোটি টাকার কমিশনের জাপানি কোম্পানির লোকাল এজেন্ট হিসেবে কাজ পাওয়া এবং সচিবদের সঙ্গে মিটিং করার সুযোগ তৈরি করা। বিমানবন্দরের ইমিগ্রেশন ম্যানেজমেন্টের লোকাল এজেন্ট হিসেবে কাজ পাওয়ার চেষ্টায় এগিয়ে থাকা এবং ছেলের শিক্ষক থেকে ব্যবসায়ী হয়ে ওঠা।’
পোস্টের শেষাংশে হাসনাত লিখেছেন, ‘সব মিলিয়ে, গত ছয় মাসে রাষ্ট্রের আইনশৃঙ্খলার কতটা উন্নতি হয়েছে জানি না, তবে উনার পকেটের উন্নতির গতিটা বেশ লক্ষণীয়।’
হাসনাতের এসব বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে এর আগে গত আগস্টে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সরকারের প্রথম ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, জনসাধারণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতি আরও উন্নত করতে সময় প্রয়োজন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও সালাহউদ্দিন আহমদকে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: