• NEWS PORTAL

  • শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

সারাদেশ থেকে হাম রোগী আসছে ঢাকার হাসপাতালগুলোতে

সৈকত সাদিক

প্রকাশিত: ১৮:৩০, ৪ এপ্রিল ২০২৬

আপডেট: ১৮:৩০, ৪ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
সারাদেশ থেকে হাম রোগী আসছে ঢাকার হাসপাতালগুলোতে

রাজধানীতে হাম রোগীর সংখ্যা বেড়েই চলছে। সারাদেশ থেকে হাম রোগী আসছে ঢাকার হাসপাতালগুলোতে। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমান পরিস্থিতিকে মহামারি আকারেই মনে করছেন চিকিৎসকরা। 

পাবনার বাসিন্দা আতিউর রহমান। হাম রোগে আক্রান্ত জমজ ৭ মাসের দুই কন্যা শিশুকে ভর্তি করিয়েছেন মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে। পাবনা সরকারি হাসপাতাল সন্তানদের হাম ধরার পর নিয়ে আসেন এই হাসপাতালে। গত ১ মাস ধরে অসুস্থ দুই সন্তানকে নিয়ে কেমন পরিস্থিতি মোকাবেলা করেছেন সেটাই জানালেন তিনি।

মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে হাম রোগের জন্য ১০টি বেড নির্ধারিত থাকলেও এখন অন্যান্য রোগীর সঙ্গে হাম রোগী ভর্তি আছে ৯২ জন। এদের বেশির ভাগই ৯ মাসের নিচে শিশু। সারাদেশ থেকেই হামে আক্রান্ত মুমূর্ষু রোগীদের পাঠানো হয় এই হাসপাতালে।

রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. এ আর এম সাখাওয়াত হোসেন জানান, জ্বর, কাশি, নিউমোনিয়া, সারা শরীরে লালচে দাগ ও গোটাসহ হামের নানা উপসর্গ নিয়ে রোগীদের ভর্তি করানো হয়েছে। অন্যান্য হাসপাতালে ভাইরাসজনিত এই রোগের চিকিৎসা না পেয়ে ছুটে আসছেন সরকারি এই হাসপাতালে। চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

রোগীর চাপ বেড়ে যাওয়ায় অনেকে পাচ্ছেন না কাঙ্ক্ষিত বেড। হাম রোগের চিকিৎসা সেবা পেলেও হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতাসহ নানা অব্যবস্থাপনার অভিযোগও করেছন রোগীর স্বজনরা। 

বিভি/এজেড

মন্তব্য করুন: