• NEWS PORTAL

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

হাম নিয়ে উদ্বেগ বাড়ছেই; আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪১

প্রকাশিত: ১৬:১২, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হাম নিয়ে উদ্বেগ বাড়ছেই; আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪১

দেশে হামের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪১ জন। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৯৫টি শিশুর। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০১টি শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ১ হাজার ৯৬টি শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩টি শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৮টি শিশু। একই সময়ে ১ হাজার ১১৫টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৪৩টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৪১ জনে। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২১ হাজার ২১২ জন।

এ ছাড়া, এ পর্যন্ত মোট ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন ইতোমধ্যে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ তথ্যে প্রতিদিনই হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন আক্রান্ত ও মৃত্যুর তথ্য উঠে আসছে। ফলে শিশুদের মধ্যে হাম নিয়ন্ত্রণে চিকিৎসা ও প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত