চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নারী ও শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৪৩
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া ডেঙ্গুর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক শিশুরও মৃত্যু হয়েছে। তবে ওই শিশুর ডেঙ্গু পরীক্ষা না হওয়ায় তার মৃত্যুর সঙ্গে ডেঙ্গু সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেলা শহরের শিবতলা চাঁদলাই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী ফেরদৌসী খাতুন (৩০)। একই সময়ে আরামবাগ এলাকার মনিরুল ইসলামের ছেলে মহব্বত আলী (১৩) মারা যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ফেরদৌসী খাতুন মঙ্গলবার বেলা ১১টার দিকে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে তার মৃত্যু হয়।
অন্যদিকে, শিশু মহব্বত আলী মঙ্গলবার রাত ১১টার দিকে হাসপাতালে ভর্তি হয়। তার তীব্র জ্বর, শরীর ব্যথাসহ ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ ছিল। তবে ডেঙ্গু পরীক্ষা না হওয়ায় তার মৃত্যুর সঙ্গে ডেঙ্গু সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: