হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪৯
দেশে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৯ শিশু। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০১ শিশুর। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ১ হাজার ১০৮ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১২৮ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২১ শিশু। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৭৫ শিশু।
মোট আক্রান্তের সংখ্যা
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৭৩১। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৫২০ শিশুর।
এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৯ হাজার ৮০০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৬২ হাজার ৮৭৩ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা এবং প্রতিদিন নতুন আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা অব্যাহত থাকায় দেশে হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগও বাড়ছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: