একদিনে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ২ হাজারের বেশি
দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৬২ জনে। রবিবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ২০৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৬ জন, খুলনা বিভাগে ৩৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৯ জন, রাজশাহী বিভাগে ২২৮ জন, রংপুর বিভাগে ৮৩ জন এবং সিলেট বিভাগে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৬৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ হাজার ৪৫৮ জনে। এ সময়ে ডেঙ্গুতে মোট ২৬২ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: