হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ঢাকা বিভাগেই ৪ জন
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি এক হাজার ২৪৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া গত একদিনে নতুন করে এক হাজার ৩১৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত একদিনে শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে হামের উপসর্গে একজন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২৪৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ২৬ হাজার ৩৫৭ জনে। এ ছাড়া গত একদিনে নতুন করে ৬৪ জন হামে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৩ হাজার ৬৯৫ জন হামে আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে দুই লাখ এক হাজার ৪৬৮ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৯৩ হাজার ৩০১ জন।
বিভি/এসজি













মন্তব্য করুন: