• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মানসিক স্বাস্থ্যসেবায় বরাদ্দ বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশিত: ১৬:৩৭, ২৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
মানসিক স্বাস্থ্যসেবায় বরাদ্দ বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

মানসিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ ও দক্ষ জনবল তৈরিতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে মানসিক রোগীদের উন্নত চিকিৎসা, পরিচর্যা ও পুনর্বাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন।

পাবনা মানসিক হাসপাতালকে আর বিনোদনের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মানসিক রোগীদের চিকিৎসা, পরিচর্যা ও পুনর্বাসনের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হাসপাতালটিকে উপযুক্ত চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

চিকিৎসকদের পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ৫০০ জন চিকিৎসক যোগদান করেছেন। তাদের প্রশিক্ষণের জন্য চীন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি দেশে উন্নত রোবোটিক সার্জারির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, মানসিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় গবেষণা ব্যয় নয়, বরং গুরুত্বপূর্ণ বিনিয়োগ। এ খাতে জাতীয় পর্যায়ে বৃহৎ পরিসরে গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ দিতে হবে।

তিনি বলেন, মানসিক স্বাস্থ্যসেবা শুধু ঢাকাকেন্দ্রিক না রেখে জেলা পর্যায়েও সম্প্রসারণ করা হবে। আধুনিক প্রযুক্তি ও ইন্টারনেটের মাধ্যমে জেলা হাসপাতালগুলোতে নিরাপদ কাউন্সেলিং সেবা চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে মানুষ ঘরে বসেই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারে। এ ছাড়া চিকিৎসকদের পাশাপাশি অন্যান্য পেশাজীবীর দক্ষতা বাড়াতে স্বল্পমেয়াদি সার্টিফিকেট কোর্স চালুর ওপরও গুরুত্ব দেন তিনি।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. একেএম আজিজুল হক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ কার্যালয়ের হেলথ ইমার্জেন্সি বিভাগের প্রধান অ্যান্টনি এশফেনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: